
১৯৫৬ সালে মুক্তি পায় প্রথম বাংলা সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ। সেই থেকে হিসাব করলে ঢাকাই ছবির বয়স এখন ৬০। এ উপলক্ষে বাঙালি সমগ্র জাদুঘর গতকাল শুক্রবার সন্ধ্যায় আয়োজন করে ঢাকার চলচ্চিত্রের হীরকজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানের।
অবশ্য ঢাকাই ছবির এই ইতিহাসকে ‘খণ্ডিত’ বলে উল্লেখ করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, মানিকগঞ্জের ছেলে হীরালাল সেন প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ফ্লাওয়ার অব পার্সিয়া নির্মাণ করেন ১৮৯৮ সালে। মাত্র তিন বছর আগে চলচ্চিত্র মাধ্যমটির আবিষ্কার হয়েছিল। ১৯২৭ সালের দিকে ঢাকার নবাব পরিবারের উদ্যোগে নির্মিত হয় সুকুমারী, দ্য লাস্ট কিস-এর মতো ছবি। সুতরাং সে হিসেবে মুখ ও মুখোশকে ঢাকাই ছবি নির্মাণ উদ্যোগের তৃতীয় পর্যায় বলা যেতে পারে।
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকাই ছবির প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে আলোচনা করেন চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত। নির্মাতা মসিহউদ্দিন শাকের আলোচনা করেন চলচ্চিত্র ব্যক্তিত্ব এম আব্দুস সামাদকে নিয়ে। গতকাল ছিল তাঁর দ্বাদশ মৃত্যুবার্ষিকী। শুভেচ্ছা বক্তব্য দেন নায়িকা কবরী, নায়ক ফারুক ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল। সংগীত পরিবেশন করেন শিল্পী খুরশীদ আলম।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘ঢাকাই ছবির অনেক উত্থান-পতন হয়েছে। ৬০ বছর পর বলা যায়, এ শিল্প এখন বয়োপ্রাপ্ত হয়েছে। এ শিল্পকে প্রতিযোগিতামুক্ত রাখার জন্য দীর্ঘদিন যে সুবিধা দেওয়া হয়েছে, এতে ছবির সর্বতো কল্যাণ হয়েছে কি না, এটা এখন ভেবে দেখার বিষয়।’
অনুষ্ঠানস্থলে প্রদর্শিত হয় বাঙালি সমগ্র জাদুঘরের সংগৃহীত কিছু নিদর্শন। এর মধ্যে ছিল নির্মাতা আলমগীর কবিরের ক্যামেরা, মুখ ও মুখোশ নির্মাতা আব্দুল জব্বার খানের ডায়েরি, বিভিন্ন ছবির সেন্সর সনদ ও পোস্টার। এ ছাড়া প্রদর্শিত হয় অসমাপ্ত ও দুর্লভ দুটি চলচ্চিত্রের ফুটেজ—জহির রায়হানের লেট দেয়ার বি লাইট (১৯৭০) ও আলমগীর কবিরের হাঙ্গর নদী গ্রেনেড (১৯৮৭)।