ঢাকায় আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের ২৯টি দেশের নারী নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে আজ ঢাকায় শুরু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উত্সব। এতে দেখানো হবে বাংলাদেশ, ভারত, চীন, ইরান, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বেশ কয়েকটি দেশের নারী নির্মাতাদের মোট ৭০টি চলচ্চিত্র।
উইমেন ফিল্ম সোসাইটির আয়োজনে শাহবাগের জাতীয় গণগ্রন্থাগারের মূল মিলনায়তনে প্রতিদিন বেলা ১১টা, দুইটা ও বিকেল পাঁচটায় তিনটি প্রদর্শনীতে দেখানো হবে পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র, কাহিনিচিত্র, প্রামাণ্যচিত্র ও অ্যানিমেশন ফিল্ম। নারীর সমস্যা, সম্ভাবনা ও নারীর সচেতনতার ওপর ভিত্তি করে উৎসবের জন্য চলচ্চিত্র বাছাই করা হয়েছে। এর মধ্যে পাঁচটি চলচ্চিত্রকে দর্শক জরিপের ভিত্তিতে দেওয়া হবে অডিয়েন্স অ্যাওয়ার্ড। পুরুষেরা নামমাত্র মূল্যে এবং নারী দর্শকেরা বিনা মূল্যে চলচ্চিত্র উপভোগ করতে পারবেন। প্রথম দুই দিন নারীদের জন্য চলচ্চিত্রবিষয়ক দুটি কর্মশালা এবং সমাপনী দিন একটি সেমিনারের আয়োজন করা হয়েছে।
উইমেন ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি লায়লুন নাহার একরাম জানান, এ দেশের নারীদের বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং চলচ্চিত্র নির্মাণে আগ্রহী করে তুলতেই এ উদ্যোগ।
উত্সবের পরিচালক মেহেদী হাসান জানালেন, দেশের নারী নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণে অর্থ–সহায়তা কিংবা বৃত্তির ব্যবস্থা করতে কাজ করে যাচ্ছে তাঁদের সংগঠন।
আজ বিকেল চারটায় জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে উত্সবের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এতে বিশেষ অতিথি থাকবেন অভিনেত্রী সারাহ্ বেগম কবরী। উত্সব চলবে ১৭ মার্চ পর্যন্ত। এবারের উত্সব উত্সর্গ করা হয়েছে বাংলাদেশে নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়াকে। ‘নারীর চোখে চলচ্চিত্র’ শিরোনামে এবারের উত্সবটির টাইটেল স্পনসর ফেয়ার অ্যান্ড লাভলি ফাউন্ডেশন।