ঢাকায় আসছে জেনিফার লোপেজের'পার্কার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পার্কার’ ছবির পোস্টার
‘পার্কার’ ছবির পোস্টার

মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ অভিনীত ছবি ‘পার্কার’ মুক্তি পাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্সে। ১০ মে শুক্রবার থেকে ঢাকার দর্শক জেনিফারের ‘পার্কার’ ছবিটি এ প্রেক্ষাগৃহে দেখতে পাবে।

‘পার্কার’ ছবির মুক্তি উপলক্ষে কাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। 

জেনিফার লোপেজ অভিনীত ‘পার্কার’ ছবিটি এ বছরের ২৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। ৩০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ছবিটি মুক্তির পরপরই বক্স অফিসের শীর্ষ পাঁচে জায়গা করে নেয়। ছবিতে জেসন স্টেটহামের সঙ্গে নায়িকার চরিত্রে অভিনয় করেন জেনিফার লোপেজ।

‘নিউইয়র্ক টাইমস’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এ ছবির সবচেয়ে বড় চমক লোপেজের অভিনয়।

ব্যক্তিগত জীবনের টানাপোড়েন তাঁর ভালো অভিনেত্রী হওয়ার ক্ষেত্রে সহায়ক হয়েছে বলে মন্তব্য করেছেন লোপেজ। সাত বছর সংসার করার পর ২০১২ সালে স্বামী মার্ক অ্যান্থনির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় তাঁর।

অভিনয় প্রসঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাত্কারে লোপেজ বলেছেন, ‘মনে হচ্ছে, একজন অভিনেত্রী হিসেবে কাজ করতে এখন আমি সত্যিই প্রস্তুত। এখন আমি আর আগের মতো নই। দেরিতে হলেও কিছু শিখেছি। ভালো অভিনেত্রী হতে হলে কঠিন সময় পাড়ি দিয়ে কাজের সময় সেগুলো মনে করতে হয়।’

আশা করা যায়, ঢাকার দর্শক ‘পার্কার’ ছবিতে জেনিফার লোপেজের অভিনয় দেখে তাঁর সঙ্গে সহমত হবেন।  

‘পার্কার’ ছবি মুক্তির আগে লোপেজ আরও ২৬টি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে ‘অ্যানাকোন্ডা’ (১৯৯৭), ‘ইউ টার্ন’ (১৯৯৭), ‘আউট অব সাইট’ (১৯৯৮), ‘অ্যাঞ্জেল আইস’ (২০০১), ‘এনাফ’ (২০০২), ‘মেইড ইন ম্যানহাটন’ (২০০২), ‘গিগলি’ (২০০৩), ‘শ্যাল উই ড্যান্স’ (২০০৪), ‘মনস্টার ইন ল’ (২০০৫) উল্লেখযোগ্য।