ঢাকায় আসছেন ওস্তাদ জাকির হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আসছেন বিশ্বখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন। ব্লুজ কমিউনিকেশনস এবং বেঙ্গল মিউজিক কোম্পানি লিমিটেডের আয়োজনে বঙ্গবন্ধু আন্তজাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে আগামী ৬ ফেব্রুয়ারি বাজাবেন তিনি।আয়োজক সূত্রে জানা গেছে, ঢাকার শ্রোতাদের জন্য এ আয়োজন এক অনন্য অভিজ্ঞতা। কারণ এবারই প্রথম ঢাকার মঞ্চে উচ্চাঙ্গসংগীত নয়, ফিউশনসংগীত পরিবেশন করবেন জাকির হোসেন। তাঁর সঙ্গে ঢাকায় আরও আসছেন ব্যানজো বাদক বেলা ফ্লেক এবং ডাবল বেইজ বাদক এডগার মেয়ার।ঢাকায় ওস্তাদ জাকির হোসেনের সফরসঙ্গী বেলা ফ্লেক বিশ্বের অন্যতম সেরা ব্যানজো বাদক হিসেবে স্বীকৃত। ১৩ বার গ্র্যামি জিতেছেন বেলা। এডগার মেয়ার বাজান ডাবল বেইজ। বাদন কৌশলের দক্ষতার কারণে সবার মনোযোগ কেড়েছেন এডগার মেয়ার। তিনিও গ্র্যামি জিতেছেন।বেঙ্গল-আইটিসি উচ্চাঙ্গসংগীত উত্সবের বিপুল সাফল্যের ধারাবাহিকতায় বিশ্বখ্যাত তিন শিল্পীকে নিয়ে ফেব্রুয়ারির ৬ তারিখের এই সংগীতায়োজন হতে যাচ্ছে। অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহীরা www.facebook.com/bluescomm ভিজিট করতে পারেন অথবা ০১৬১৬১১১৮৮৮ নম্বরে ফোন করতে পারেন।প্রসঙ্গত, এর আগে ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে স্বাধীনতার চার দশক পূর্তি উপলক্ষে প্রথম আলো ও ট্রান্সকম গ্রুপ আয়োজন করে প্রয়াত ওস্তাদ আল্লা রাখাকে সম্মাননা জানানোর অনুষ্ঠান। ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাঁর ছেলে ওস্তাদ জাকির হোসেনের উপস্থিতিতেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মান জানানো হয়। ওই অনুষ্ঠানে ওস্তাদ জাকির হোসেনের তবলা সবাইকে মুগ্ধ করে। উল্লেখ্য, ওস্তাদ জাকির হোসেনের জন্ম ১৯৫১ সালে, মুম্বাইয়ে। বাবা আল্লা রাখাও ছিলেন বিখ্যাত তবলাবাদক। শৈশব থেকে তবলা বাজানোয় অসামান্য দক্ষতা অর্জন করেন জাকির। খুব অল্প সময়ে সবার কাছে শিশু বিস্ময় হিসেবে আবির্ভূত হন। মাত্র ১২ বছর বয়সে এক অনুষ্ঠানে তবলা বাজানোর নিমন্ত্রণ পান। ১৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন। বছরে ১৫০টি কনসার্টে যোগ দেওয়ার রেকর্ডও আছে তাঁর।আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই শিল্পী বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন। কাজ করেছেন জর্জ হ্যারিসনের মতো খ্যাতিমান শিল্পীর সঙ্গে। মাঝেমধ্যে ভারতে এসেছেন, করেছেন চলচ্চিত্রে সংগীত পরিচালনার কাজ। ১৯৯৮ সালে সাজ এবং ২০০২ সালে অপর্ণা সেনের ‘মিস্টার অ্যান্ড মিসেস আয়ার’ ছবির সংগীত পরিচালনা করেছেন। ২০০৬ সালে পেয়েছেন গ্র্যামি পুরস্কার।