ঢাকায় পাওলি

হাসিবুর রেজা কল্লোলের সত্তা ছবির শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছেন কলকাতার আলোচিত অভিনয়শিল্পী পাওলি দাম। আজ শনিবার বেলা ২টা ১০ মিনিটে রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমানে চড়ে ঢাকায় আসেন তিনি।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে পাওলি কথা বলেন প্রথম আলোর সঙ্গে। তিনি বলেন, ‘এক বছর পর আমি ঢাকায় এলাম। এবারই প্রথম পুরোপুরি বাংলাদেশের কোনো ছবিতে অভিনয় করার জন্য আসা হলো। গৌতম ঘোষের মনের মানুষ ছবিটা ছিল যৌথ প্রযোজনার। বাংলাদেশে আসতে বরাবরই আমার ভালো লাগে। এখানে আসাটা আমার কাছে অনেক বেশি আবেগের। বিষয়টা ভাষায় প্রকাশ করা খুব মুশকিল।’
আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিন। তাই রাস্তাঘাট অনেকটাই ফাঁকা উল্লেখ করে পাওলি বলেন, ‘কল্লোলের সঙ্গে অনেক দিন ধরেই সত্তা ছবিতে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা হচ্ছিল। শেষ পর্যন্ত ঢাকা আসা হলো। ভালো লাগছে। এদিকে আজকের আবহাওয়াটা দেখছি অনেক ভালো। তা ছাড়া ছুটির দিন, রাস্তাঘাটও অনেকটাই ফাঁকা। যা এর আগে কয়েকবার এসে চোখে পড়েনি। সবকিছু আমি খুব উপভোগ করছি।’
সত্তা ছবির শুটিং শুরুর প্রহর গুনছেন পাওলি। বললেন, ‘আজ সন্ধ্যায় শুভ মহরত অনুষ্ঠান শেষে কাল থেকে সত্তা ছবিটির শুটিং শুরু করব। সত্যি কথা বলতে কি, ছবিটির শুটিং শুরুর অপেক্ষা করছি। আশা করছি, অনেক ভালো একটি কাজ হবে।’
সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে সত্তা ছবিতে পাওলির সহশিল্পী শাকিব খান। অন্য অভিনয়শিল্পীরা হলেন আহমেদ রুবেল, বন্যা মির্জা প্রমুখ।