ঢাকায় প্রসেনজিৎ ও জিৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসঙ্গে ঢাকায় এলেন কলকাতার বাংলা ছবির জনপ্রিয় দুই তারকা অভিনয়শিল্পী প্রসেনজিৎ ও জিৎ। জানা গেছে, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আমন্ত্রণে প্রসেনজিৎ, জিৎসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছেছে। চিত্রপরিচালক গৌতম ঘোষও এই দলে আছেন। আজ শুক্রবার এফডিসিতে দুই বাংলার চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসবেন তাঁরা।প্রথম আলোকে প্রসেনজিৎ বলেন, ‘আগে ছবির শুটিংসহ বিভিন্ন কাজে কয়েকবার বাংলাদেশে আসতে হয়েছে। এবার এসেছি দুই দেশের চলচ্চিত্রের উন্নয়নে আলোচনা অনুষ্ঠানে অংশ নিতে। কলকাতা ও বাংলাদেশের বাংলা চলচ্চিত্রকে আরও ভালোভাবে দুই বাংলায় কীভাবে তুলে ধরা যায়, সেটাই আমাদের প্রধান উদ্দেশ্য।’এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নের জন্য আমাদের এ আয়োজন। আশা করছি, এ ধরনের আলোচনা দুই দেশের চলচ্চিত্রের জন্য মঙ্গলজনক সিদ্ধান্ত বয়ে আনবে।’দুই বাংলায় সমানভাবে জনপ্রিয় বাংলাদেশের অভিনেতা ফেরদৌস। প্রসেনজিতের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে তাঁর। ফেরদৌস বলেন, ‘দুই বাংলার চলচ্চিত্রকে নিয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাকে সাধুবাদ জানাই। এর ফলাফল আমরা যদি ভোগ করতে না-ও পারি, পরবর্তী প্রজন্ম এ ধরনের উদ্যোগ থেকে উপকৃত হবে।’উল্লেখ্য, এর আগে বেশ কয়েকবার প্রসেনজিৎ এলেও জিতের এটি প্রথম ঢাকা সফর। আলোচনা শেষে আজ বিকেলেই ঢাকা ছাড়ার কথা তাঁদের।