ঢাকায় ফিরেই শুটিংয়ে অপূর্ব
১৯ আগস্ট সবাইকে না জানিয়েই বিয়ের পিঁড়িতে বসেন ছোট পর্দার জনপ্রিয় তারকাজুটি অপূর্ব ও প্রভা। এর পর থেকে তাঁদের নিয়ে ভক্তদের মধ্যে রহস্য দানা বাঁধতে থাকে। তারা এই প্রিয় তারকাজুটির কোনোভাবে কোনো খোঁজ-খবর পাচ্ছিল না। ভক্তদের জন্য আশার খবর হলো, জনপ্রিয় এই তারকাজুটি গতকাল রোববার ঢাকায় ফিরেছেন। ঢাকায় ফিরে অপূর্ব ধানমন্ডির ২৭ নম্বরে অবস্থিত বেঙ্গল গ্যালারিতে একটি আবাসন কোম্পানির বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন। শুটিং স্পটে ঢোকার আগে অপূর্ব ও প্রভাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। শুটিংয়ে উপস্থিত সবাই অপূর্ব ও প্রভাকে বরণ করে নেন কেক কাটার মধ্য দিয়ে। বিজ্ঞাপনটির বেশির ভাগ অংশের শুটিং করা হয়েছিল বিয়ের আগে। বিয়ের পর ঢাকায় এসে গতকাল অপূর্ব বিজ্ঞাপনটির বাকি অংশের শুটিং শেষ করেন। এ সময় পাশে বসে পুরো কাজ দেখেন নববিবাহিত স্ত্রী প্রভা।সারা দিন শুটিং শেষে নববিবাহিত স্ত্রীকে নিয়ে অপূর্ব সরাসরি উত্তরার বাসায় গিয়ে উঠেন। অপূর্বর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এ সময় পুরো বাড়িতে বিয়ের আবহ বিরাজ করছিল। অপূর্বর চাচা-চাচি থেকে শুরু করে সব নিকটাত্মীয়রা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে আরও উপস্থিত ছিলেন মাহী বি চৌধুরী, আশফাহ হক লোপা, পরিচালক শিহাব শাহীন ও চয়নিকা চৌধুরী। এদিকে অপূর্বর পরিবারের সবাই বিষয়টিকে স্বাভাবিকভাবে মেনে নিলেও প্রভার পরিবারের সদস্যরা এখনো বিষয়টি নিয়ে এখনো কঠোর অবস্থানে রয়েছেন। তবে আশার কথা হচ্ছে, ঘনিষ্ঠদের অনেকেই বলছেন, প্রভার পরিবারও বিষয়টিকে খুব শিগগিরই মেনে নেবেন।গতকাল বিজ্ঞাপনের শুটিং করলেও অপূর্ব আজ প্রতিদিনের ধারাবাহিক ‘শুলশান এভিনিউ’র শুটিংয়ে অংশ নিয়েছেন। অপূর্ব শুটিং করলে প্রভা এখন পর্যন্ত কোনো শুটিংয়ে অংশ নেননি। তবে দু-এক দিনের মধ্যে প্রভাও আগের মতো ব্যস্ত হয়ে পড়বেন শুটিংয়ে।উল্লেখ্য, এক বছর ধরে অপূর্ব ও প্রভার মধ্যে মন দেওয়া-নেওয়া চলছিল। এক বছরের প্রেম সফলতা পায় ১৯ আগস্ট দুজনের বিয়ের মধ্য দিয়ে।