ঢাকায় সনু নিগমের গান
আবারও ঢাকায় গান করতে এলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সনু নিগম। ঢাকার গুলশান ক্লাবে গান করার উদ্দেশ্যেই সনু নিগমের এবারের ঢাকা সফর। সনু নিগমকে ঢাকায় আনার ব্যাপারে সহযোগিতা করেছে আয়োজক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্রেইন বক্স। এই প্রতিষ্ঠানের পরিচালক ফরহাদুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘গুলশান ক্লাবের সদস্যের আয়োজনে অনুষ্ঠানে গান করতে সনু নিগমের এবারের সফর। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার বাদ্যযন্ত্রী দলের একটি বড় অংশ ঢাকায় পৌঁছেছে। সন্ধ্যায় গুলশান ক্লাবের গান শেষে কাল শনিবার সকালেই মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন সনু নিগম।’ আয়োজক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে সনু নিগমকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে তিনি সোজা চলে যান তাঁর জন্য নির্ধারিত হোটেলে। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যায় গান করতে গুলশান ক্লাবে যাবেন।ভারতের হরিয়ানা প্রদেশের ফরিদাবাদে ১৯৭৩ সালের ৩০ জুলাই জন্মগ্রহণ করেন সনু নিগম। মাত্র চার বছর বয়সেই সনু নিগম তাঁর সংগীত ক্যারিয়ার শুরু করেন। সংগীতের আকাশে নিজেকে বড় পরিসরে মেলে ধরার জন্য ১৯ বছর বয়সে বাবার সাথে চলে যান মুম্বাইয়ে। চলচ্চিত্রে প্রথম প্লে-ব্যাক করেন ‘জানাম’ ছবিতে। তবে চলচ্চিত্রটি এখনো মুক্তি পায়নি। ২০০৪ সালে ‘কাল হো না হো’ ছবিতে কণ্ঠ দেওয়ার জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সনু। এ ছাড়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, স্ক্রিন অ্যাওয়ার্ডস, ইন্টারন্যাশনাল ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস, জি সিনে অ্যাওয়ার্ড, এমটিভি স্টাইল অ্যাওয়ার্ডস, আনন্দলোক অ্যাওয়ার্ডসসহ অসংখ্য পুরস্কার পান তিনি। গানের পাশাপাশি সনু নিগম বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। এ ছাড়া তিনি ভারতের বিভিন্ন টিভি রিয়ালিটি শোর বিচারকের দায়িত্বও পালন করেছেন।