ঢাকায় ‘লাইফ অব পাই’
৮৫ তম অস্কারের সেরা পরিচালক অ্যাং লি পরিচালিত ‘লাইফ অব পাই’ ছবিটি এবার বড় পর্দায় দেখার সুযোগ পাবেন ঢাকার দর্শকরা। ঢাকার সিনেমাপ্রেমী দর্শকদের কথা চিন্তা করে ছবিটি বড় পর্দায় প্রদর্শনের ব্যবস্থা করছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। আগামী ১৫ মার্চ মুক্তি স্টার সিনেপ্লেক্স পাবে ছবিটি। তার আগে কাল ১৪ মার্চ সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিদের সম্মানে ছবিটির প্রিমিয়ার শো’র আয়োজন করা হয়েছে। শুধু সেরা পরিচালক নয়, অ্যাং লি পরিচালিত ‘লাইফ অব পাই’ ছবিটি এবারের অস্কার আসরে বেস্ট সিনেমাটোগ্রাফি, ভিজ্যুয়াল ইফেক্টস এবং অরিজিনাল স্কোর বিভাগেও অস্কার জিতে নিয়েছে। এছাড়া এবারের অস্কার মনোনয়ন পাওয়া ছবিগুলোর মধ্যে সবচেয়ে ত্রুটিমুক্ত ছবি হিসেবেও নির্বাচিত হয়েছে ‘লাইফ অব পাই’। সমালোচকদের বিচারেও ছবিটি বেশ প্রশংসিত হয়েছে। বিশ্বখ্যাত টাইম সাময়িকী এক প্রতিবেদনে লাইফ অব পাইকে পরবর্তী ‘অ্যাভাটর’ হিসেবেও উল্লেখ করেছে।লাইফ অব পাই ছবির অভিনয়শিল্পীরা হলেন সুরুজ শর্মা, আয়ুস ট্যান্ডন, গৌতম ব্যালুর, আদিল হোসেন, টাবু, ইরফান খানসহ আরও অনেকে।যুক্তরাষ্ট্রে মাত্র ১২০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত লাইফ অব পাই ছবিটি গত বছরের ২১ নভেম্বর মুক্তি পায়। এখন পর্যন্ত ছবিটি আয় করেছে ৫৯৯ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।