ঢাকার অডিশনের দ্বিতীয় দিনে ইয়েস কার্ড পেলেন ৩৭ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বপ্ন সাধনা সাহসে, গাও আত্মবিশ্বাসে’ স্লোগান নিয়ে গত সোমবার শুরু হয়েছে সংগীত প্রতিভা অন্বেষণমূলক প্রতিযোগিতা ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর ঢাকা অঞ্চলের প্রাথমিক বাছাইপর্ব। রাজধানীর মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রাথমিক বাছাইয়ের প্রথম দিন ৭২ জন এবং গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনে ৩৭ জন ইয়েস কার্ড অর্থাৎ পরবর্তী ধাপে যাওয়ার টিকিট পেয়েছেন।চার বছর বিরতির পর আবার শুরু হওয়া এই প্রতিযোগিতায় ঢাকা অঞ্চল থেকে নিবন্ধন করেন মোট ২৬ হাজার ৭৪৭ জন প্রতিযোগী। ১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা অঞ্চলের প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এবারের ক্লোজআপ ওয়ানের মূল বিচারকের দায়িত্বে আছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফাহমিদা নবী ও পার্থ বড়ুয়া।এবারের প্রতিযোগিতায় সর্বপ্রথম ইয়েস কার্ড পান মারসিয়া হোসেন। ইয়েস কার্ডপ্রাপ্তদের ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় পরের ধাপে আবার বিচারক প্যানেলের মুখোমুখি হতে হবে। এ বছর ঢাকা অঞ্চলের প্রাথমিক বাছাইপর্বের বিচারকের দায়িত্ব পালন করছেন সুজেয় শ্যাম, অনুপ ভট্টাচার্য, অসিত দে, বাসু দেব, সাবাতানি, লিটন অধিকারী, মিলন মাহমুদ, পিয়ারু রহমান, লাবু রহমান, হাসান আবিদুর রেজা প্রমুখ। গতকাল প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় দিনে সকাল আটটায় অডিশন শুরু হয়। অডিশন কেন্দ্রে গিয়ে দেখা গেল, প্রচণ্ড রোদ আর মাঝেমধ্যে হালকা বৃষ্টি সত্ত্বেও প্রতিযোগীরা লম্বা লাইনে দাঁড়িয়ে অডিশন দিচ্ছেন। প্রতিযোগিতার প্রথম ধাপ অতিক্রম করার আশায় দীপ্ত তাঁদের চোখমুখ।ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর চতুর্থ আসরের কার্যক্রম গত ৫ জুলাই আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়। এরপর গত ৮ থেকে ২৫ আগস্ট পর্যন্ত হয়েছে নিবন্ধন। এবারের আসরে ১৬ থেকে ৩০ বছর বয়সী প্রায় ৫০ হাজার প্রতিযোগী নিবন্ধন করেন। দেশের মোট ১০টি কেন্দ্রে প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এনটিভি।