ঢাকার আতিথেয়তায় মুগ্ধ মীর ও ব্যান্ডেজ
এবারই প্রথম বাংলাদেশে গান করতে এসেছে জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘মীরাক্কেল’-এর উপস্থাপক মীর আফসার আলী (মীর) ও তাঁর ব্যান্ড ব্যান্ডেজ। ঢাকায় এসে এবং ঢাকার আতিথেয়তায় তাঁরা মুগ্ধ বলেই জানিয়েছেন মীর। প্রথম আলো ডটকমকে মীর বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে নানা সমস্যা রয়েছে। কিন্তু সামান্য একটি হাসির অনুষ্ঠান (মীরাক্কেল) এই দুই বাংলার দর্শকদের মধ্যে যে মেলবন্ধন তৈরি করেছে, তা দেখে আমরা অভিভূত। সত্যি বলতে কি, মীরাক্কেল অনুষ্ঠানটি বাংলাদেশের মানুষের মধ্যে যে পরিমাণ ভালো লাগা তৈরি করেছে, তা কলকাতার মানুষের মধ্যে এতটা তৈরি করেছে কি না সন্দেহ।’মীর আরও বলেন, ‘বেশ কয়েক বছর পর বাংলাদেশে এলাম। তবে গান করার উদ্দেশ্যে এবারই প্রথম এসেছি। আবার এবারই প্রথম কোনো টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে গান করেছি এবং জোকস বলেছি। যেহেতু এ ধরনের অনুষ্ঠান এখানে প্রথম করেছি, তাই সবারই বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। সবাই আমাদের অন্য রকমভাবে বরণ করেছে। এ ছাড়া আমাদের প্রতি যে আতিথেয়তা দেখানো হচ্ছে, তাতে আমরা মুগ্ধ।’গতকাল রাতে দেশ টিভিতে সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নিয়েছে মীর ও তাঁর ব্যান্ড ব্যান্ডেজ। আজ শনিবার সন্ধ্যায় ঢাকা ক্লাবের একটি অনুষ্ঠানে গান করবে তার দল। মীর বলেন, ‘ইচ্ছে আছে, রাতের অনুষ্ঠানের আগে ঢাকা শহরটা একটু ঘুরে বেড়াব। কিছু কেনাকাটাও করতে হবে।’‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৭’ নিয়ে কিছু আগাম তথ্য দিয়েছেন মীর। আগামী পর্বের অনুষ্ঠান সম্পর্কে মীর জানান, ‘মীরাক্কেল অনুষ্ঠানটি নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখেছি। বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের চার মীরাক্কেল প্রতিযোগীকে নিয়ে যে পরিমাণ আলোচনা, সেটা একেবারেই অন্য রকম। তাই আমরা মীরাক্কেলের সামনের পর্বে বাংলাদেশের অংশটায় আরও বেশি গুরুত্ব দেওয়ার চিন্তা করেছি।’ ব্যান্ডেজের সদস্যরা হলেন: মীর (কণ্ঠ), দীপাঞ্জন (কণ্ঠ ও ড্রামস), নীতিন (বেস গিটার), সুমন (কি-বোর্ডস), সৌরভ (কণ্ঠ ও লিড গিটার), কৌশিক (ঢোল ও পারকাশনস) ও চিকু (তবলা)।২০১৩ সালের জানুয়ারি মাসে আসছে ব্যান্ডেজের প্রথম অ্যালবাম ‘অসামসালা’।