ঢাকার উচ্ছ্বাসে মুগ্ধ সনু নিগম

গানে গানে শ্রোতাদের মাতালেন আর শ্রোতাদের উচ্ছ্বাসে মুগ্ধ হলেন বলিউডের অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী সনু নিগম। গতকাল রাতে বিজয়ের ৪২ বছর পূর্তি আর ঢাকা অফিসার্স ক্লাবের বর্তমান কমিটির মেয়াদ পূর্তি উপলক্ষে আয়োজিত কনসার্ট অনুষ্ঠানে গান করেন তিনি। সনু নিগমের গানে অনুষ্ঠানস্থলে উপস্থিত তিন হাজারের মতো দর্শক নেচে-গেয়ে আনন্দ উল্লাস করেন।
সন্ধ্যা সাতটায় মঞ্চে ওঠার কথা থাকলেও রাত পৌনে নয়টায় মঞ্চে আসেন সনু নিগম। উপস্থাপক যখন মঞ্চে সনু নিগমের আগমনী বার্তা জানান, তখন পুরো অফিসার্স ক্লাবে কনসার্ট দেখতে আসা দর্শকরা করতালিতে মেতে ওঠেন।
বিজয়ের ৪২ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় গান গাইতে এসে সনু নিগমও বেশ আনন্দিত। তিনি বলেন, ‘স্বাধীনতা প্রতিটি দেশের অহংকারের ব্যাপার। অনেক কষ্টের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করতে হয়। বাংলাদেশের স্বাধীনতার ৪২ বছর পূর্তি অনুষ্ঠানে গাইতে পেরে খুবই ভালো লাগছে।’
সনু আরও বলেন, ‘ঢাকায় প্রথম গান করতে এসেছিলাম ১৯৯৩ সালে। তখনকার দর্শকেরা আমার গানে অনেক আনন্দ করেছিলেন, যা আমাকে মুগ্ধ করেছিল। আর এবারের অনুষ্ঠানে দর্শকেরা আমাকে আরও বেশি মুগ্ধ করেছে। বাংলাদেশের ২০১৩ সালের শেষ কনসার্ট থেকে অনেক চমত্কার অভিজ্ঞতা নিয়ে ফিরতে পেরে খুবই ভালো অনুভূতি হচ্ছে।’
টানা আড়াই ঘণ্টার এ কনসার্টে সনু নিগম বিভিন্ন সময়ে গাওয়া চলচ্চিত্রের গান এবং অ্যালবামের গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন।
আয়োজক সূত্রে জানা গেছে, আজ শনিবার বেলা একটার ফ্লাইটে ঢাকা ছাড়বেন সনু নিগম।