ঢাকার একদল গেরিলা যোদ্ধার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আতঙ্কের চাদরে জড়িয়ে থাকা ঢাকা শহরের বুকে অগণিত বাঙালি যেন পাকিস্তানি সেনাদের চোখে মৃত্যুর ঠিকানা দেখতে পায়। ১৯৭১ সালের আয়নায় জীবনের চিরচেনা চাওয়া-পাওয়াগুলো যেন বড্ড বেমানান। কিন্তু তার পরও জীবন খুঁজে পেতে চায় তার স্বাভাবিক ঠিকানা। এরই ধারাবাহিকতায় দীপ নেভার আগে এগিয়ে যায় তার নিজস্ব পথে, ঢাকার বুকে বেড়ে ওঠা একদল গেরিলা যোদ্ধার হাত ধরে। এমনি গল্প নিয়ে ইলাজার ইসলাম তৈরি করছেন চলচ্চিত্র দীপ নেভার আগে। এরই মধ্যে ছবির ছয়টি গান তৈরি হয়েছে। ছবির গানের সংগীত পরিচালনার দায়িত্বে আছেন অর্ণব। সুরও করেছেন তিনি। এ ছাড়া রয়েছে আইয়ুব বাচ্চু, ফুয়াদ মুক্তাদির, রঞ্জন, রাফা আর অদিতের সুর করা গান।ইলাজার জানালেন, ছবির শুরুতে এবং শেষে থাকছে দুটি গান। অন্য চারটি গান ছবির গল্পের সঙ্গে সংশ্লিষ্ট। সম্প্রতি ছবির গানের অডিও অ্যালবামের মোড়ক খোলা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসির উদ্দীন ইউসুফ, মোহাম্মদ গোলাম মোস্তফা, মাখদুমা নার্গিস, আহমেদ ইমতিয়াজ বুলবুল, আক্কু চৌধুরী এবং অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কুমার বিশ্বজিত্, উপদেষ্টা নকীব উদ্দিন খান ও আসিফ ইকবাল।এরই মধ্যে গানগুলোর দৃশ্যায়নের কাজ শুরু হয়েছে। ছবির মূল শুটিং শুরু হবে মে মাসে। পরিচালক জানান, মিরপুরের পল্লবী আর ময়মনসিংহে ছবির শুটিং হবে। ইলাজার বললেন, ‘৪০ বছর আগের সেই শহুরে আবহ এখন তুলে ধরা কঠিন কাজ। আমরা একে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’ছবির গল্প প্রসঙ্গে বললেন, ‘১৯৭১ সালে ঢাকা শহরে গেরিলা যোদ্ধাদের বিভিন্ন অভিযান গবেষণা করে দীপ নেভার আগে ছবির গল্প তৈরি করেছি। বাস্তবের কোনো চরিত্রের সঙ্গে হুবহু মিল নেই।’ছবির অভিনয়শিল্পীদের বেশির ভাগই থিয়েটারের সঙ্গেই জড়িত। এঁদের মধ্যে রয়েছেন আমিরুল রাজিভ, সমাপ্তি মাশুক, মনোয়ার কবির, অন্তু করিম, মৌটুসী প্রমুখ।