ঢাকার কাছাকাছি যাত্রাগান
রাজধানী ঢাকার একেবারে কাছাকাছি চিটাগাং রোডের মাথায় শুরু হয়েছে ঈদ যাত্রানুষ্ঠান। এই অনুষ্ঠান চলবে অনেক দিন ধরে। সবে একটি দলের পালা শেষে দ্বিতীয় দলের প্রযোজনা হচ্ছে। ঈদের রাত থেকে এখানে গানবাজনা শুরু করে সাতক্ষীরার প্রতিমা অপেরা। মানবী দেবী পালা দিয়ে শুরু করে প্রতিমা শেষ করে দেবী সুলতানা দিয়ে। দলটি লেভেল-জাতীয়। এর নট-নির্দেশক দিলীপ আর সার্বিক ব্যবস্থাপনায় আবদুল মান্নান। ঈদযাত্রার দলটি আশানুরূপ সাড়া ফেলতে সক্ষম হয়েছে।বর্তমানে একটি গীতিনাট্য যাত্রাদলের গীতাভিনয় চলছে। রাজধানীর একেবারে সন্নিকটে প্যান্ডেলটি হওয়ার কারণে প্রতি রাতে শহরের অনেককে যাত্রামুখী হতে দেখা গেছে। সাগর ভাসা, গুনাই বিবি, রূপবান, লাইলী-মজনু দেখতে দর্শক এসেছেন অসংখ্য। মিলনায়তন ছিল পূর্ণ। আয়োজক কর্তৃপক্ষ মহা খুশি আশানুরূপ দর্শক পেয়ে।দলের মালিক জাহাঙ্গীর হোসেন জানান, ঈদ যাত্রানুষ্ঠান থেকেই দলটি মৌসুমী ভাবনায় মঞ্চায়ন শুরু করেছে। জনপ্রিয় পালার মধ্যে রয়েছে সাতভাই চম্পা, মেহের নিগার, বেদের মেয়ে জোছনা, আলোমতি প্রেমকুমার ও মহুয়া। আয়োজক সূত্রে জানা গেছে, প্যান্ডেলটির মেয়াদকাল ছয় মাসের। মাসে চারটি দল অংশ নিলে ২৪টি দলের প্রযোজনার সুযোগ রয়েছে। তাতে প্রায় এক হাজার শিল্পী-কুশলীর অংশগ্রহণ থাকবে। পালা প্রযোজনা হবে ১৮০টির মতো। যাত্রাসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই এলাকায় এত বড় আয়োজন এই প্রথম। যাত্রা দেখা বেশ কয়েকজন দর্শকের সঙ্গে কথা বলে জানা গেছে, অতীতের তুলনায় দুটি দলের প্রযোজনায় অনেক সৃজনশীলতা রয়েছে। প্রতিটি পালার ভাব-ভাষা-ছন্দে মুগ্ধ হয়েছেন দর্শক।