ঢাকার চলচ্চিত্রে হরিপ্রসাদ চৌরাশিয়া
ঢাকার চলচ্চিত্রের জন্য বাঁশি বাজালেন উপমহাদেশের প্রখ্যাত বাঁশিশিল্পী পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া। এবার তাঁর বাঁশির সুর ব্যবহার করা হচ্ছে নোমান রবিন পরিচালিত কমন জেন্ডার চলচ্চিত্রের একটি গানে। গানটির শিরোনাম ‘ভালোবাসা’। গানটি দুইভাবে গাওয়া হয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন দুজন শিল্পী। মূল গানটি গেয়েছেন ফেরদৌস ওয়াহিদ, আর ধীরলয়ে কণ্ঠ দিয়েছেন আরেফিন রুমি।এ ছবির তিনটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন রুমি। তিনি বললেন, ‘আমি হরিপ্রসাদ চৌরাশিয়ার বাঁশির ভক্ত। তাঁর কয়েকজন ছাত্র আমার খুব ভালো বন্ধু। তাদের মাধ্যমে আমি গুরুজির সঙ্গে যোগাযোগ করি। চলচ্চিত্রের একটা গানে বাঁশি বাজানোর জন্য অনুরোধ করি। ইন্টারনেটে ‘ভালোবাসা’ গানটির ডেমো ভার্সন পাঠিয়ে দিই। সঙ্গে আমার কিছু কাজও পাঠাই।’ রুমি আরও বলেন, ‘ভেবেছিলাম হরিপ্রসাদ চৌরাশিয়া রাজি হবেন না। তিনি নিজেই একদিন ফোন করে জানালেন, এই গানে তিনি বাঁশি বাজাবেন। পুরো ব্যাপারটিতে আমি খুবই অবাক হয়েছি।’ রুমি জানান, হরিপ্রসাদ চৌরাশিয়া গানটি শুনে তাতে দেশ রাগের ওপর বাঁশি বাজিয়ে ইন্টারনেটেই পাঠিয়ে দেন। জানা গেছে, ‘ভালোবাসা’ গানটির মধ্য দিয়ে ১৪ বছর পর ফেরদৌস ওয়াহিদ প্লেব্যাক করলেন।