ঢাকার ছবিতে অভিনয় ও পরিচালনায় অঞ্জন দত্ত

কলকাতার সংগীতশিল্পী অঞ্জন দত্ত চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মাঝেমধ্যে পরিচালনাও করেন। এবার তিনি অভিনয় করবেন ঢাকার চলচ্চিত্রে। ছবির নাম মন বাকসো। ‘মাধ্যম লিমিটেড’ প্রযোজিত ছবিটি পরিচালনাও করবেন অঞ্জন দত্ত।
ছবিটিতে অভিনয় এবং পরিচালনা উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবে সকালে সম্মতিপত্রে স্বাক্ষর করেন অঞ্জন দত্ত ও প্রযোজনা প্রতিষ্ঠান ‘মাধ্যম লি: ব্যবস্থাপনা পরিচালক আক্তার হোসেন। এ সময় অঞ্জন দত্ত জানান, এই প্রথম অন্যের পাণ্ডুলিপিতে কাজ করছেন তিনি। আর বাংলাদেশের ছবিতে এটাই হবে তার প্রথম কাজ।
অঞ্জন দত্ত আরও জানান, আগামী নভেম্বর থেকে বাংলাদেশে মন বাকসো ছবিটির শুটিং শুরু হবে। ছবিটির সংগীত পরিচালনা করবেন নীল দত্ত।
আর ২০১৫ সালের মার্চে ছবিটি মুক্তি পেতে পারে বলে আশা করছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।
মন বাকসো ছবির কাহিনি, সংলাপ ও গান লিখেছেন তুষার আবদুল্লাহ। তিনি জানান, বাবা আর মেয়ের সম্পর্কের টানা পোড়ন, মেয়ের পছন্দের সঙ্গী খুঁজে নেওয়া নিয়ে সংশয় আর দ্বিধা হচ্ছে মন বাকসো ছবির গল্পের মূল প্রতিপাদ্য।
উল্লেখ্য, এ বছরের জুন মাসে মুক্তি পেয়েছে অঞ্জন দত্ত অভিনীত ও পরিচালিত শেষ বলে কিছু নেই ছবিটি। ছবিটিতে অঞ্জন দত্ত ছাড়াও অভিনয় করেন যীশু সেনগুপ্ত ও শুভশ্রী গাঙ্গুলি।