ঢাকার ছবিতে কৈলাশ খের
ঢাকায় আগে অনুষ্ঠান করে গেলেও বাংলাদেশের ছবিতে এবারই প্রথম গান করছেন ভারতীয় আধুনিক রক গানের শিল্পী কৈলাশ খের। ছবির নাম ‘মোস্ট ওয়েলকাম’। পরিচালক অনন্য মামুন। গানটি রেকর্ডিংয়ের জন্য পরিচালক ও প্রযোজক দুজনই রয়েছেন মুম্বাইয়ে। পরিচালক আজ বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে গানটির ব্যাপারে নিশ্চিত করেন। কাল রাতে মুম্বাইয়ের মিট ব্রাদার্স স্টুডিওতে কৈলাশ খের গানটিতে কণ্ঠ দেবেন। গানের কথা হচ্ছে, ‘যতই থাকিস ওপর তলায়, গড়ে টাকার পাহাড়/একদিন সব মাটি হবে, নামবে অন্ধকার/থেমে গেলে নিঃশ্বাসটা/বল কে কাহার।’ গানটির কথা লিখেছেন জাহিদ আকবর। সুর ও সংগীত পরিচালনা করেছেন মৃণাল সিং সেন। গানটির ব্যাপারে পরিচালক অনন্য মামুন বললেন, ‘আমরা গানটি কৈলাশ খেরকে দিয়ে করাব চিন্তা করেছিলাম। আর এটি সম্ভব হতে যাচ্ছে ছবির প্রযোজকের আন্তরিক প্রচেষ্টায়।’ এ জন্য তিনি প্রযোজককে আন্তরিক ধন্যবাদ জানান। মামুন আরও বলেন, ‘ঢাকার দর্শকেরা গানটি খুব ভালোভাবে গ্রহণ করবে বলে মনে করি।’ তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের ছবিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের চেষ্টা করছি। তারই একটি সফল প্রচেষ্টা এটি।’ ছবিটিতে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী স্নেহা উলাল ও বাংলাদেশের অনন্ত।