ঢাকার ছবিতে গান গাইলেন কৈলাশ খের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ প্রথম ঢাকার ছবিতে গান গাইলেন ভারতীয় সুফি রক গানের জনপ্রিয় শিল্পী কৈলাশ খের। ছবির নাম ‘মোস্ট ওয়েলকাম’। পরিচালক অনন্য মামুন। গানটি রেকর্ডিংয়ের জন্য পরিচালক ও প্রযোজক দুজনই ফেব্রুয়ারি মাসের শুরুতে মুম্বাই গিয়েছিলেন। সম্প্রতি সেখান থেকে ফিরে পরিচালক গানটির ব্যাপারে নিশ্চিত করেন। মুম্বাইয়ের মিট ব্রাদার্স স্টুডিওতে কৈলাশ খের গানটিতে কণ্ঠ দেন। গানের কথা হচ্ছে, ‘যারা থাকে ফুটপাতে,পায় না খেতে দু বেলাতে/মিলেমিশে তাদের সাথে, হও না একাকার/থেমে গেলে নিঃশ্বাসটা/বল কে কাহার...।’ লিখেছেন জাহিদ আকবর। সুর ও সংগীত পরিচালনা করেছেন মৃণাল সিং সেন।গীতিকার জাহিদ আকবর বলেন, ‘কৈলাশ খেরের মতো একজন বড়মাপের গুণী শিল্পীর কণ্ঠে আমার মতো একজন নবীনের লেখা গান সত্যিই সৌভাগ্যের।’গানটির ব্যাপারে পরিচালক অনন্য মামুন বললেন, ‘আমরা গানটি কৈলাশ খেরকে দিয়ে করানোর জন্য নানাভাবে চেষ্টা করছিলাম। অবশেষে সেটি সম্ভব হয়েছে শুধু ছবির প্রযোজকের আন্তরিক প্রচেষ্টার জন্য।’ এ জন্য তিনি প্রযোজককে আন্তরিক ধন্যবাদ জানান। মামুন আরও বলেন, ‘ঢাকার ছবির দর্শকেরা গানটি ভালোভাবেই গ্রহণ করবে বলে মনে করছি।’ মোস্ট ওয়েলকাম ছবিতে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী স্নেহা উলাল ও বাংলাদেশের অনন্ত।