ঢাকার ছবিতে শুটিং করছেন রাহুল বোস

ঢাকার ছবিতে অভিনয় করছেন বলিউডের অভিনেতা রাহুল বোস। ‘মেহেরজান’খ্যাত নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিতে অভিনয়ের জন্য ২৫ আগস্ট ঢাকায় আসেন তিনি। ২৬ আগস্ট ছিল খানিকটা বিশ্রাম। ২৭ আগস্ট থেকে এফডিসিতে শুটিংয়ে অংশ নিয়েছেন রাহুল। ‘আন্ডার কনস্ট্রাকশন’-এ কাজ করার মধ্য দিয়ে বাংলাদেশের কোনো ছবিতে প্রথমবারের মতো অভিনয় করছেন রাহুল বোস।
ছবিটির পরিচালক রুবাইয়াত প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিতে একজন সাধারণ মানুষের আধুনিক জীবনযাপনের নানা পর্যায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ছবির চরিত্রের প্রয়োজনেই রাহুল বোসকে নির্বাচন করা হয়েছে।
রুবাইয়াত আরও বলেন, ‘রাহুল আমার খুব ভালো বন্ধু। “মেহেরজান” ছবির কাজ করার আগেই রাহুলের সঙ্গে আমার আলাপ হয়। “আন্ডার কনস্ট্রাকশন” ছবির গল্পটি শোনার পর রাহুল বেশ পছন্দ করে।’
ছবিতে রাহুলের চরিত্র প্রসঙ্গে পরিচালক রুবাইয়াত হোসেন জানান, ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিতে রাহুল একজন ভারতীয় শিল্পীর ভূমিকায় অভিনয় করছেন, যিনি ভারত থেকে বাংলাদেশে এসেছেন একটি সাংস্কৃতিক সফরে।
জানা গেছে, ঢাকায় রাহুল বোস ১৪ দিন থাকবেন। ছবিটিতে আরও অভিনয় করবেন বলিউডের শাহানা গোস্বামী ও বাংলাদেশের শাহাদাত।
ঢাকায় রাহুল বোস সর্বশেষ এসেছিলেন এ বছরের ফেব্রুয়ারিতে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য তিনি ঢাকায় আসেন। প্রতিবছর দেশে-বিদেশে কয়েকটি স্কুল-কলেজে বক্তব্য দেন তিনি। তারই অংশ হিসেবে রাহুল বোস ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দিতে ঢাকায় এসেছিলেন।
‘মিস্টার অ্যান্ড মিসেস আয়ার’, ‘ইংলিশ’, ‘অন্তহীন’, ‘কালপুরুষ’, ‘পেয়ার কি সাইড ইফেক্টস’—এসব ছবিতে রাহুল বোসের অভিনয় বেশ প্রশংশিত হয়।