ঢাকার ছবিতে শুভমিতা ও শহীদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই নীল নির্জনে, পথেরই অনন্তে দুজনে/ভিজিয়ে দেবে হৃদয়, শুধুই সুরেরই প্লাবণে/দূর অজানায় সেই সুর, ভেসে যাই যেন মাতাল সমীরণে—এটি ধানমন্ডি ৮ নম্বর চলচ্চিত্রের গান। আর এমনি একটি চমত্কার গানে কণ্ঠ দিতে যাচ্ছেন কলকাতার শিল্পী শুভমিতা বাংলাদেশের দুরবিন ব্যান্ডের প্রধান ভোকাল শহিদ। গানটির কথা লিখেছেন অধি ও সুর করেছেন কাজী শুভ। সংগীত পরিচালনা করছেন আরফিন রুমী।ছবিতে গান করা বিষয়ে নিশ্চিত হতে কলকাতায় শুভমিতার সঙ্গে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হয়। কথা বলার এক পর্যায়ে শুভমিতা বলেন, আমার ভীষণ ভালো লাগছে বাংলাদেশের ছবিতে কাজ করতে পেরে। ছবিটির গল্প আমি কিছুটা শুনেছি। কনসেপ্টটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল বাংলাদেশে কাজ করার। অবশেষে সেটা শহিদের জন্য হতে যাচ্ছে। শহিদের সঙ্গে এর আগেও আমার কাজ করার কথা হয়েছে। গানের প্রতি ওর যে আগ্রহ, সেটা আমার খুব ভালো লেগেছে। এর আগে অবশ্য আমি একবার বাংলাদেশে এসেছিলাম। সেটাও শহিদের মাধ্যমেই হয়েছে। তখন বাংলাদেশের অনেকের সঙ্গে আমার আলাপ হয়েছিল। কিন্তু কাজ করা হয়ে ওঠেনি। এবারই প্রথম ছবিটিতে গান করার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে কাজ করা হচ্ছে আমার। গানটির সংগীত পরিচালক আরফিন রুমীকেও আমি বেশ ভালোভাবেই চিনি। তিনি খুব ভালো মাপের একজন সংগীত পরিচালক। আশা করছি, ভবিষ্যতে বাংলাদেশে আমার আরও কিছু কাজ করা হবে।অপরদিকে শুভমিতার মতো শহিদেরও এটাই চলচ্চিত্রে প্রথম গান। ছবিতে গান করা প্রসঙ্গে শহিদ বলেন, ছবিতে গান করার অনেকগুলো প্রস্তাব আমার কাছে এসেছিল। কিন্তু কোনোটিতে কাজ করা হয়নি। সংগীত পরিচালক রুমীর জন্য সেটা আর না করতে পারিনি। তা ছাড়া ছবিটির পরিচালক এবং চিত্রনাট্যকারেরও একটা চাহিদা ছিল, আমি যেন গান করি। তবে এটা ঠিক যে, ছবিতে গান করতে যাচ্ছি এটা ভেবে বেশ ভালো লাগছে। কারণ প্লেব্যাক করতে গিয়ে এমন একজন সহশিল্পী পেয়েছি, যিনি আমার অসম্ভব পছন্দের একজন শিল্পী। তাঁর সঙ্গে গান করতে পেরে খুব আনন্দ বোধ করছি।আগামী ৪ অক্টোবর কলকাতার ভাইব্রেশন স্টুডিওতে গানটির রেকডিং করা হবে। এটি একটি বাংলাদেশি ছবির গান। অনুরূপ আইচের চিত্রনাট্য এবং হিমেল আশরাফের পরিচালনায় ছবিটির নাম ধানমন্ডি-৮।