ঢাকার ছবিতে শুভমিতার গান
‘এই নীল নির্জনে, পথেরই অনন্তে দুজনে/ ভিজিয়ে দেবে হূদয়, শুধুই সুরেরই প্লাবনে/ দূর অজানায় সেই সুর/ ভেসে যাই যেন মাতাল সমীরণে’—ধানমন্ডি ০৮ নম্বর চলচ্চিত্রের গান এটি। জানা গেছে, গানটিতে কণ্ঠ দেবেন ভারতের বাংলা গানের এ সময়ের জনপ্রিয় শিল্পী শুভমিতা। তাঁর সঙ্গে গানটিতে কণ্ঠ দেবেন বাংলাদেশের দূরবীন ব্যান্ডের কণ্ঠশিল্পী শহীদ। গানটির কথা লিখেছেন অধি ও সুর করেছেন কাজী শুভ। সংগীত পরিচালনা করছেন আরফিন রুমী।ছবিতে গান করার ব্যাপারে গতকাল মঙ্গলবার মুঠোফোনে কথা হলো শুভমিতার সঙ্গে। তিনি বললেন, ‘বাংলাদেশের ছবিতে কাজ করার সুযোগ পেয়ে ভীষণ ভালো লাগছে। এর আগে অনেকের সঙ্গেই আলোচনা হয়েছে। কিন্তু এবারই প্রথম বাংলাদেশের ছবিতে গান করব। আমার সহশিল্পী শহীদ এবং সংগীত পরিচালক আরফিন রুমীর গান আমি শুনেছি। আশা করছি, ছবিতে আমাদের গানটি ভালোই হবে।’শহীদ বললেন, ‘এবারই প্রথম চলচ্চিত্রে গান করছি। শুভমিতা আমার পছন্দের একজন শিল্পী। আশা করছি, তাঁর সঙ্গে গান করার অভিজ্ঞতাটা নিশ্চয়ই ভালো হবে।’আগামী ৪ অক্টোবর কলকাতার ভাইব্রেশন স্টুডিওতে গানটি ধারণ করা হবে। ছবির চিত্রনাট্য লিখেছেন অনুরূপ আইচ, পরিচালনা করবেন হিমেল আশরাফ।