ঢাকার ছয় প্রেক্ষাগৃহে 'বেলা শেষে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বেলা শেষে’ ছবিতে স্বাতিলেখা সেনগুপ্ত ও সৌমিত্র চট্টোপাধ্যায়
‘বেলা শেষে’ ছবিতে স্বাতিলেখা সেনগুপ্ত ও সৌমিত্র চট্টোপাধ্যায়

ঢাকার ছয় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কলকাতার এ সময়ের ব্যবসাসফল ছবি ‘বেলা শেষে’। জানা গেছে, ২৬ ফেব্রুয়ারি ঢাকার স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার্স, বলাকা, আনন্দ, শ্যামলী আর শাহীন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। 

এর আগে বলা হয়েছিল, বাংলাদেশে এ ছবির মুক্তি উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি ঢাকায় একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। আর এই প্রদর্শনীতে উপস্থিত থাকবেন ছবির অন্যতম অভিনয়শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়।
আজ বৃহস্পতিবার সকালে এ ছবিসংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শারীরিক অসুস্থতা আর অন্য ছবির জন্য আগেই সময় দিয়ে রাখার কারণে এবার ঢাকায় আসতে পারছেন না সৌমিত্র। তবে ১৮ ফেব্রুয়ারির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকবেন ছবির পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি এবং প্রযোজক অতনু রায় চৌধুরী ও প্রভাত দে।
এদিকে ২৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় মুক্তি পাচ্ছে বাংলাদেশের ছবি শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’। এই ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মম।