ঢাকার টিভিতে অমিতাভের কণ্ঠ
‘সালাম বাংলাদেশ। কেমন আছেন আপনারা? আমি অমিতাভ বচ্চন। বাংলাদেশের সবার জন্য আমার শুভেচ্ছা। আমি জানি, আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আমি আপনাদের একটা সুখবর দিতে চাই। আমি জেনেছি, বাংলাদেশে শুরু হতে যাচ্ছে কে হতে চায় কোটিপতি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সকল প্রতিযোগী এবং দর্শকদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। গুডলাক বাংলাদেশ।’ দেশ টিভির নতুন অনুষ্ঠান কে হতে চায় কোটিপতি নিয়ে তৈরি বিজ্ঞাপনচিত্রে বাংলায় কথাগুলো বললেন বলিউড তারকা অমিতাভ বচ্চন।দেশ টিভি সূত্রে জানা গেছে, ঢাকার কোনো টিভি চ্যানেলে এবারই প্রথম অমিতাভ বচ্চন বাংলায় কণ্ঠ দিয়েছেন। তাঁর এই ঘোষণার মধ্য দিয়ে শুরু হচ্ছে কে হতে চায় কোটিপতি অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম।দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর বলেন, ‘বাস্তব অভিজ্ঞতা নেওয়ার জন্য সম্প্রতি মুম্বাইতে কৌন বনেগা ক্রোড়পতির শুটিং দেখতে যাই। সেখানেই অমিতাভ বচ্চনের সঙ্গে অনুষ্ঠানটি নিয়ে আলোচনা হয়। তারপর তাঁকে অনুষ্ঠানটি নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করি। এরপর তিনি নিজে থেকে বাংলায় কিছু বলতে রাজি হলেন। তাঁর কথাগুলো অনুষ্ঠানটিতে অন্যমাত্রা যোগ করেছে।’হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়ার অবলম্বনে বাংলাদেশে নির্মিত হবে কে হতে চায় কোটিপতি অনুষ্ঠানটি।