ঢাকার টেলিছবিতে শ্রীলেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার নায়িকা শ্রীলেখা মিত্র এ দেশের দর্শকদের সঙ্গে অনেক আগে থেকেই পরিচিত। সেই হঠাৎ বৃষ্টি থেকে। বাসু চ্যাটার্জির ওই ছবিতে তিনি অভিনয় করেছিলেন ফেরদৌসের সঙ্গে। ইদানীং জি বাংলার মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার অনুষ্ঠানটির তিন বিচারকের একজন তিনি। অনুষ্ঠানটি এ দেশের অনেক দর্শকই দেখছে। এবার শ্রীলেখা অভিনয় করেছেন এটিএন বাংলার একটি টেলিছবিতে। নাম দান প্রতিদান। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে টেলিছবিটি তৈরি করেছেন মাহবুবা ইসলাম। রবীন্দ্রনাথের গল্প থেকে চিত্রনাট্যও করেছেন তিনিই। টেলিছবিটির শুটিং হয়েছে কলকাতায়।ঢাকার টিভি চ্যানেলের জন্য তৈরি টেলিছবিতে কাজ করার অনুভূতি শ্রীলেখা জানালেন মুঠোফোনে। বললেন, ‘হঠাৎ বৃষ্টির পর এবারই প্রথম বাংলাদেশের টেলিছবিতে অভিনয় করেছি। পরিচালকের সঙ্গে আমার বন্ধুত্ব, বাংলাদেশের প্রতি টান আর রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প—সব মিলিয়েই আমি কাজটা করতে রাজি হয়েছি।’টেলিছবিটিতে কাজ করার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে শ্রীলেখা বললেন, ‘সবকিছু খুব গুছিয়ে এবং বেশ যত্ন নিয়ে কাজটা করা হয়েছে। তাই কাজটা কখন শুরু হলো, কখন যে শেষ হলো বুঝতেই পারিনি।’দান প্রতিদান টেলিছবিতে আরও অভিনয় করেছেন শোয়েব, মাহবুবা ইসলাম ও সুদীপ মুখার্জি। এতে রবীন্দ্রনাথের পাঁচটি গান ব্যবহার করা হয়েছে। সব কটিতেই কণ্ঠ দিয়েছেন ইভা রহমান। জানা গেছে, ৯ মে দুপুরে এটিএন বাংলায় দেখানো হবে টেলিছবিটি।