ঢাকার তারকারাও কলকাতামুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়া আহসান অভিনীত বিসর্জন ছবিটি কলকাতায় মুক্তি পাচ্ছে আসছে বৈশাখে
জয়া আহসান অভিনীত বিসর্জন ছবিটি কলকাতায় মুক্তি পাচ্ছে আসছে বৈশাখে
গত ১৬ মার্চ আনন্দের প্রচ্ছদ প্রতিবেদন ছিল ‘কলকাতার তারকারা কেন ঢাকামুখী’। শুধু কলকাতার তারকারাই এ দেশে আসছেন এমন নয়, এ দেশের তারকারাও যাচ্ছেন ভারতের কলকাতায়। অভিনয় করছেন কলকাতার ছবিতে। যৌথ প্রযোজনার ছবির কল্যাণে দুই দেশের দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছেন তাঁরা।
যৌথ প্রযোজনার ছবি শিকারিতে শাকিব খান ও শ্রাবন্তী
যৌথ প্রযোজনার ছবি শিকারিতে শাকিব খান ও শ্রাবন্তী

অভিনেতা ফেরদৌসের কথাই ধরা যাক। ১৯৯৮ সালে ভারতের চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার ছবি হঠাৎ বৃষ্টি ছবির মাধ্যমে দুই বাংলাতেই সাড়া ফেলেন। তারপর তাঁর বিচরণ দেখা যায় পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতার সিনেমায়। যৌথ প্রযোজনার ছবি তো বটেই, কলকাতার ছবিতেও একটা আসন পেয়ে যান তিনি। সেই আসন এখনো পোক্ত আছে তাঁর। শুধু ফেরদৌস নন, তাঁর মতো অনেক তারকাই মোটামুটি পাকাপোক্ত আসন গেড়েছেন কলকাতার চলচ্চিত্রে। জয়া আহসান আছেন সে তালিকায়। সম্প্রতি সোহানা সাবার একটি ছবি মুক্তি পেয়েছে কলকাতায়। জ্যোতিকা জ্যোতিও স্বাক্ষর করেছেন নতুন একটি ছবিতে।

অবাধ বিচরণ
যৌথ প্রযোজনা ছাড়াই কলকাতার কমপক্ষে ৫০টি ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস। দাপিয়ে বেড়িয়েছেন প্রসেনজিতের মতো তারকার সঙ্গে। কীভাবে এটা সম্ভব হলো? ‘কলকাতার পরিচালক, প্রযোজকদের একটা আস্থার জায়গা ছিল আমার ওপর। এ কারণেই কাজের পরিমাণ বেড়েছে। আর কলকাতা আমার কাছে নতুন জায়গা মনে হয় না। সবাই খুব আপন হয়ে গেছে।’ কলকাতার বাণিজ্যিক ঘরানার অনেক ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস। তাই দুই জায়গার পার্থক্যটা বললেন অকপটে। পার্থক্যটা আসলে প্রযুক্তিগত ও প্রেক্ষাগৃহের পরিবেশ নিয়ে। তবে সেই পার্থক্য অনেকটাই কমে এসেছে। মেধায় বাংলাদেশের পরিচালকদের সঙ্গে কলকাতার পরিচালকদের কোনো তুলনাই করলেন না তিনি।

একসঙ্গে কলকাতার অনেক ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস ও ঋতুপর্ণা
একসঙ্গে কলকাতার অনেক ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস ও ঋতুপর্ণা

সম্মান ও সম্মানী গুরুত্বপূর্ণ
কলকাতার চলচ্চিত্রে অভিনয়ে সম্মান ও সম্মানী—দুটোই ভালো। একবাক্যে বললেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে এতটুকুই। কলকাতার চলচ্চিত্রে অভিনয় নিয়ে আর কোনো কথাই বলতে চাইলেন না তিনি। তুলে রাখলেন পরের সাক্ষাৎকারের জন্য। আসছে পয়লা বৈশাখে এই অভিনেত্রীর বিসর্জন ছবিটি মুক্তি পাচ্ছে। গতকালই তিনি কলকাতায় রওনা দিয়েছেন। ছবি মুক্তির তিন দিন পরেই ফিরবেন দেশে। বিসর্জন পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এর আগে এই অভিনেত্রী অরিন্দম শীলের আবর্ত (২০১৩) ও ঈগলের চোখ (২০১৬), ইন্দ্রনীল রায়চৌধুরীর একটি বাঙালি ভূতের গপ্পো (২০১৫), সৃজিত মুখার্জির রাজকাহিনি (২০১৫) ছবিতে অভিনয় করেন। কথা শেষ করার আগে শুধু বললেন, ‘অন্যদের ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আমি খুবই ভালো পরিবেশে কাজ করি।’

সম্মানীর ব্যাপারে কথা বললেন ফেরদৌসও। সেটা যে বাংলাদেশের চেয়ে ঢের বেশি এমনটা ইঙ্গিত দিলেন তিনি। কথা হলো কলকাতার ছবিতে অভিনয়ের অনুমতি নিয়েও। বললেন, ‘আমি তেমন কোনো সমস্যায় পড়িনি। আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই সব ব্যবস্থা হয়ে যেত। এখনো সেভাবেই হয়।’ খোঁজ নিয়ে জানা গেছে, অনুমতির ব্যাপারটি সে দেশের প্রযোজনা প্রতিষ্ঠান দেখে।

জয়া আহসান
জয়া আহসান

যৌথ প্রযোজনায় বড় সুযোগ
অনেক তারকাই দুই বাংলায় জনপ্রিয় হয়েছেন যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করে। গেল বছর শাকিব খানকে পুরোপুরি পরিবর্তন করে দেয় শিকারি ছবিটি। নতুন রূপে শাকিব খানকে দেখেন এ দেশের দর্শক। তারপর থেকে বেশ কয়েকটি ছবিতে অভিনয় শুরু করেছেন এ তারকা। একই পথে তাঁর আগে-পরে অনেক তারকাই হেঁটেছেন। সোহমের বিপরীতে ব্ল্যাক ছবিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। নুসরাত ফারিয়া করেছেন বেশ কয়েকটি ছবিতে। তাঁকে দেখা গেছে কলকাতার নায়কদের বিপরীতে। গেল বছর যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, আরিফিন শুভ, জলি, পরীমনি, তিশা, কুসুম সিকদার, রুহি।

সব জায়গায় পেশাদার হওয়ার অনুরোধ করছি
বদিউল আলম
মহাসচিব, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি
আমাদের তারকারা কলকাতায় যাচ্ছেন। সেখানে তাঁরা পেশাদার হচ্ছেন। আমরা চাই আমাদের এখানেও তাঁরা সেভাবেই কাজ করবেন। কোনো তারকার জন্য কোনো পরিচালক সমস্যায় পড়ুক এটা চাই না। কারণ, দেশের মাটিতে কাজ করার মতো আনন্দ তো আর কোথাও পাওয়া যাবে না। এই ব্যাপারটি ভেবে দেখার অনুরোধ করছি।