ঢাকার দুই মাল্টিপ্লেক্সে 'জুরাসিক ওয়ার্ল্ড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুরাসিক ওয়ার্ল্ড ছবির দৃশ্য
জুরাসিক ওয়ার্ল্ড ছবির দৃশ্য

আন্তর্জাতিক মুক্তির দিনে ঢাকাতেও মুক্তি পাচ্ছে হলিউড ছবি জুরাসিক ওয়ার্ল্ড। আগামীকাল শুক্রবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের স্টার সিনেপ্লেক্স এবং যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পাবে কলিন ট্রেভরো পরিচালিত ছবিটি।
সাড়া জাগানো ‘জুরাসিক পার্ক’ সিরিজের চতুর্থ ছবি জুরাসিক ওয়ার্ল্ড। কাল্পনিক ডাইনোসর থিম পার্কে ঘটে যাওয়া রোমহর্ষক গল্প নিয়ে তৈরি হয়েছে সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার ঘরানার এ ছবিটি। ১৯৯৩ সালে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত জুরাসিক পার্ক ছবি মুক্তির পর হইচই পড়ে যায়। ছবিটির ব্যাপক সাফল্যের রেশ ধরে এর দুটি সিক্যুয়েল দ্য লস্ট ওয়ার্ল্ড: জুরাসিক পার্ক এবং জুরাসিক পার্ক ৩ মুক্তি পায় যথাক্রমে ১৯৯৭ ও ২০০১ সালে। সিরিজের প্রথম দুটি ছবির পরিচালক হিসেবে স্টিভেন স্পিলবার্গ দায়িত্ব পালন করলেও তৃতীয় ছবিটি পরিচালনা করেন জো জনস্টোন। জুরাসিক ওয়ার্ল্ড সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ক্রিস প্যাট, ডালাস হাওয়ার্ড, জেক জনসন প্রমুখ। এ ছাড়া ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে বলিউডের অভিনেতা ইরফান খানকে।
রাজধানীর স্টার সিনেপ্লেক্সে অবশ্য আন্তর্জাতিক মুক্তির এক দিন আগে থেকেই দেখা যাবে জুরাসিক ওয়ার্ল্ড-এর ঝলক। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বৃহস্পতিবার জুরাসিক ওয়ার্ল্ড ছবির কয়েকটি প্রাক্-প্রদর্শনী থাকবে, যা সাধারণ দর্শকেরা নির্ধারিত টিকিট মূল্য দিয়ে উপভোগ করতে পারবে। একে হলিউডি ভাষায় বলা হয় স্নিক প্রিভিউ। আর আগামীকাল থেকে নিয়মিতভাবেই চলবে ছবিটির প্রদর্শনী।