ঢাকার প্রেক্ষাগৃহে বেন স্টিলার ও এ ডি মারফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার প্রেক্ষাগৃহে দেখা মিলবে হলিউডের জনপ্রিয় তারকা বেন স্টিলার ও এডি মারফির। আজ ১২ অক্টোবর ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে তাঁদের অভিনীত হলিউডের আলোচিত ছবি ‘টাওয়ার হাইস্ট’। গত বছরের নভেম্বরে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ব্রেট র্যাটনার পরিচালিত ক্রাইম কমেডি ঘরানার ছবি ‘টাওয়ার হাইস্ট’। অভিনয়ের পাশাপাশি ছবির তিন প্রযোজকের একজন হলেন এ ডি মারফি। আট কোটি ডলার বাজেটের ছবিটি এ পর্যন্ত ১৫ কোটি ২০ লাখ ডলারের বেশি আয় করেছে। ¬¬‘টাওয়ার হাইস্ট’ ছবির গল্পে দেখা যাবে, বেন স্টিলার ও তাঁর কয়েকজন সহকর্মী নিউইয়র্কের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে চাকরি করছেন। এর একেকটি অ্যাপার্টমেন্টের দাম ৭০ লাখ ডলার। বেন স্টিলার সেখানকার ব্যবস্থাপক। আর কেসি অ্যাফ্লেক তাঁর বোনের স্বামী। কেসি অ্যাফ্লেক আবার সেখানকার রিসিপশনিস্টও। হাসি-আনন্দের মধ্য দিয়ে ভালোই চলতে থাকে তাঁদের দৈনন্দিন জীবন। অ্যাপার্টমেন্টের পেন্টহাউজে একজন বিরাট ধনী মানুষ থাকেন, যিনি ওয়াল স্ট্রিটে কাজ করেন। সবাই তাঁকে খুব সমীহ করে চলে। একদিন এফবিআইয়ের লোক এসে তাঁকে ধরে নিয়ে যায়। তাঁর অপরাধ, তিনি নাকি প্রতারণা করেছেন। বেন স্টিলার বিশ্বাস করতে পারেন না বিষয়টা। পরে জানা যায়, সবাই তাঁর কাছে টাকা বিনিয়োগ করেছে দ্বিগুণ হওয়ার আশায়। একপর্যায়ে সবাই বুঝতে পারে, সত্যিই তিনি প্রতারণা করেছেন। এর মধ্যে তাঁর জামিন হয়। একদিন বেন স্টিলার তাঁর সহকর্মীদের নিয়ে ওই লোকের ফ্ল্যাটে গিয়ে তাঁকে অপমান আর গাড়ি ভাঙচুর করেন। ভাঙচুরের অপরাধে তাঁদের তিনজনের চাকরি চলে যায়। এর মধ্যে বেন স্টিলার এক এফবিআই কর্মকর্তার মাধ্যমে জানতে পারেন, অ্যাপার্টমেন্টের কোনো এক জায়গায় ওই লোকের ২০ মিলিয়ন ডলার লুকানো আছে, যা তাঁরা খুঁজে পাচ্ছে না। এরপর বেন স্টিলার তাঁর দলবল নিয়ে ওই টাকা উদ্ধারের অভিযানে নেমে পড়েন। এভাবে নানা মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় ‘টাওয়ার হাইস্ট’ ছবির কাহিনি।