ঢাকার প্রেক্ষাগৃহে ‘আয়রন ম্যান থ্রি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার এক মাসের মাথায় এবার ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হলিউড ব্লকবাস্টার ছবি ‘আয়রন ম্যান থ্রি’। কাল ২৫ মে ঢাকার দর্শকেরা বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে উপভোগ করতে পারবেন ছবিটি। ঢাকার প্রেক্ষাগৃহে ‘আয়রন ম্যান থ্রি’ মুক্তি উপলক্ষে আজ ২৪ মে শুক্রবার সন্ধ্যায় প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়েছে। সাড়া জাগানো ‘আয়রন ম্যান’ সিরিজের তৃতীয় ছবি ‘আয়রন ম্যান থ্রি’। দুর্দান্ত অ্যাকশন আর চোখ ধাঁধানো স্পেশাল ইফেক্টের এ ছবিটি এখন হলিউড টপচার্টের শীর্ষে অবস্থান করছে। ২০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ছবিটি এযাবত্ আয় করেছে এক বিলিয়ন ডলারেরও বেশি। মুক্তির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে ছবিটি আয় করেছে প্রায় ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার আগে ছবিটি চীন, রাশিয়া, স্পেন, ভারত, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে। বহির্বিশ্ব থেকে এ পর্যন্ত ছবিটি আয় করেছে প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলার। ছবিটির একটি বড় অংশের চিত্রায়ণ হয়েছে চীনে। বাকি অংশের দৃশ্যধারণ হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায়। সিরিজের আগের দুটি ছবি জন ফ্যাব্রিউ পরিচালনা করলেও, এবারের ছবিটি নির্মাণ করেছেন শেন ব্ল্যাক।অন্যবারের মতো এবারও ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র। অভিনয় করেছেন গিনেথ প্যালট্রো, ডন চিয়াডলি, গাই পিয়ারস, বেন কিংসলে প্রমুখ। এবার খল চরিত্রে অভিনয় করেছেন সদ্য এশিয়ান ফেলোশিপ অ্যাওয়ার্ডজয়ী বেন কিংসলে। ‘গান্ধী’ ছবিতে নামভূমিকায় অভিনয়ের সুবাদে তার ভাবমূর্তিটা দর্শকের চোখে ইতিবাচক। কিন্তু এবার তিনি আয়রন ম্যানের শত্রু। আগের দুইবারের চেয়ে লৌহমানবকে এবার লড়তে হয়েছে আরও দুর্ধর্ষ শত্রুর সঙ্গে। আয়রন ম্যানের স্ত্রীর ভূমিকায় যথারীতি আছেন গিনেথ প্যালট্রো। এবারের গল্পে দেখা যাবে, লৌহমানব টনি স্টার্ক বর্বরোচিত শত্রুর আক্রমণে নিজ সাম্রাজ্য হারাতে বসেছেন। এরপর তিনি বের হন প্রতিশোধ নিতে। শুরু হয় ধুন্ধুমার অ্যাকশন। ১৩০ মিনিট ব্যাপ্তির ছবিটির পুরোটাজুড়েই থাকছে টানটান উত্তেজনা।