ঢাকার বাইরের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'প্রত্যাবর্তন'

অল ইন্ডিয়া ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের জেনারেল সেক্রেটারি প্রেমেন্দ্র মজুমদার তাঁর ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, ‘রাজশাহীতে প্রকৃতি নামের অষ্টম শ্রেণিতে পড়া এক চমৎকার অভিনেতাকে আবিষ্কার করলাম। আহসান কবির পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রত্যাবর্তন-এর প্রধান চরিত্রে দারুণ অভিনয় করেছে সে।’
গত ১৭ নভেম্বর রাজশাহীর পদ্মামঞ্চে ‘উত্তরবঙ্গে চলচ্চিত্রশিল্পের যাত্রা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রেমেন্দ্র মজুমদারসহ আরও উপস্থিত ছিলেন ভারতের চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাশ গুপ্ত এবং বাংলাদেশের নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। এখান থেকে ফিরে গিয়েই প্রেমেন্দ্র মজুমদার ফেসবুকে প্রকৃতির একটি ছবি দিয়ে এই স্ট্যাটাস লিখেছেন।
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রত্যাবর্তন-এর পরিচালক, কাহিনিকার, অভিনয়শিল্পী, কলাকুশলীদের সবাই উত্তরবঙ্গের। কারিগরি সব সহযোগিতা নেওয়া হয়েছে রাজশাহীর বরেন্দ্র প্রোডাকশন হাউস থেকে। প্রত্যাবর্তন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। প্রদর্শন করা হবে দেশের বিভিন্ন জেলায়।
চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে নির্মাতাদের কাছ থেকে জানা গেছে, ঢাকার ইংরেজি মাধ্যম স্কুলের একটি মেয়ে গ্রীষ্মের ছুটিতে গ্রামে আসে। সঙ্গে হোমওয়ার্কের তিনটি ব্যাগ। মেয়ের বাবা এই গ্রামে বড় হয়েছেন। তাঁর মেয়েকে দেখাশোনার জন্য গ্রামের এক কিশোরীকে দায়িত্ব দেওয়া হয়। শহরের মেয়েটি গ্রামের পরিবেশ দেখে বিরক্ত। হোমওয়ার্ক নিয়ে পড়ে থাকে। গ্রামের মেয়েটি তার কথার বাইরে যেতে পারে না। একদিন বৃষ্টি হচ্ছে। দুটি মেয়েই বৃষ্টিতে ভেজে। তারা প্রকৃতির সঙ্গে মিশে যায়। এরপর গ্রামের সবকিছুই শহরের মেয়েটিকে টানতে থাকে। একসময় দুটি মেয়ের মাঝে পার্থক্য ঘুচে যায়। তারা পরস্পরকে বুঝতে পারে। তাদের হাত ধরে গ্রামেরও অনেক গোঁড়ামি দূর হয়।
ছবির কাহিনি লিখেছেন ও পরিচালনা করেছেন আহসান কবির। তিনি বলেন, ‘আমাদের এই আঞ্চলিক চলচ্চিত্র নির্মাণপ্রক্রিয়ার মূল লক্ষ্য হলো, উত্তরবঙ্গে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রশিল্প গড়ে তোলা। ঢাকার সঙ্গে প্রতিযোগিতা নয়, বরং আঞ্চলিক চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবী শ্রেণি গড়ে তোলা এর মূল লক্ষ্য। এতে উত্তরবঙ্গের মতো দেশের বিভিন্ন অঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর মধ্য থেকে চলচ্চিত্র-প্রতিভার বিকাশ ঘটবে।’
ছবিতে রাজশাহী, নবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর, নাটোর ও কুড়িগ্রামের অভিনয়শিল্পী আর কলাকুশলীরা কাজ করেছেন। অভিনয় করেছেন প্রকৃতি, প্রশাখা, সুমাইয়া, কামার উল্লাহ সরকার, মামুন-উর-রশীদ, মাহমুদ হোসেন, মিজানুর রহমান, পারভেজ চৌধুরী, শফিকুল ইসলাম সরকার। চিত্রগ্রহণ করেছেন রংপুরের কিশোর মাহমুদ, আবহ সংগীত করেছেন পাবনার সানি চাকী, সংগীত পরিচালনা করেছেন রাজশাহীর রকিবুল হাসান। গান গেয়েছেন পাভেল, অর্প, কার্তিক বাউল, আইয়ুব আলী চিশতী। গান লিখেছেন শিবলী নোমান, রহমতউল্লাহ ইমন। রাজশাহীর কাঁকন হাটের সৈয়দপুর গ্রাম, নওগাঁর বদলগাছি ইউনিয়ন আর রাজশাহীর পদ্মা নদীতে।
২১ ও ২২ ডিসেম্বর চলচ্চিত্রটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রদর্শন করা হয়।