ঢাকার মঞ্চে আজ লোপামুদ্রার গান
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আজ গান করবেন কলকাতার লোপামুদ্রা মিত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ ও ভারতের উদ্যোগে বছরব্যাপী আয়োজন করা হচ্ছে নানা অনুষ্ঠান। এরই অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও সুরলোক এবং কলকাতার নবপ্রতিশ্রুতি আজ ঢাকায় দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এখানে গান করার জন্য আজ সকালেই ঢাকায় আসছেন লোপামুদ্রা মিত্র। আয়োজকদের পক্ষ থেকে লিলি ইসলাম জানান, ‘বিশ্বে বাঙালি’ শিরোনামে এই অনুষ্ঠান উদ্বোধন করা হবে সকাল ১০টায়। চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এরপর আবার শুরু হবে বিকেল চারটায়। এই অনুষ্ঠানে গান করার জন্য আরও এসেছেন মোহন সিং, আবির সিং, সুপ্রতীক দাস, তিথি দেববর্মণ, সুব্রত মুখোপাধ্যায়, পার্থ মুখোপাধ্যায়, সোমনাথ মুখার্জি ও গোরা চাঁদ রাম। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ইফ্ফাত আরা দেওয়ান, পাপিয়া সারোয়ার, তপন মাহমুদ, মিতা হক, লিলি ইসলাম, লাইসা আহমেদ, মজিবুল কাইয়ুম, সাজেদ আকবর, সাদী মহম্মদ, ফাহিম হোসেন চৌধুরী, রোকাইয়া হাসিনা, চঞ্চল খান ও হিমাদ্রি শেখর। আবৃত্তি করবেন আসাদুজ্জামান নূর, প্রজ্ঞা লাবণী, শিমুল মুস্তাফা ও ডালিয়া আহমেদ। নৃত্য পরিবেশন করবেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও নৃত্যনন্দন। আয়োজকদের পক্ষ থেকে লিলি ইসলাম বলেন, ‘অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। কোনো রকম বাণিজ্যিক উদ্দেশ্য থেকে এই অনুষ্ঠান আয়োজন করা হয়নি। ভবিষ্যতে পৃষ্ঠপোষকদের সহযোগিতা পেলে দুই বাংলার শিল্পীদের নিয়ে একাধিক দিনের অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা আমাদের আছে।’এই অনুষ্ঠান উপলক্ষে গত বুধবার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী, সুরলোকের প্রধান চঞ্চল খান, শিল্পী লিলি ইসলাম ও নবপ্রতিশ্রুতির কর্ণধার প্রবাল মল্লিক।