ঢাকার মঞ্চে এল সুনীলের ‘রাজা রানী’
ঢাকার মঞ্চে আরেকটি নতুন নাটক দেখা গেল গতকাল শুক্রবার। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা রাজা রানী নাটকটি প্রযোজনা করেছে নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হলো। মিলনায়তন ভর্তি দর্শক উপভোগ করেন হাস্যকৌতুকনির্ভর নাটকটি। এর নিদের্শনা দিয়েছেন জামাল উদ্দিন হোসেন।রাজা রানী নাটকের কাহিনী মূলত এক যাত্রাশিল্পী দম্পতিকে ঘিরে। এই দুই অভিনয়শিল্পীর সহজ-সরল জীবন হঠাৎ কঠিন আবর্তের মধ্যে প্রবেশ করে। নাটকের জীবনলাল হয়ে যান তাঁরই অভিনীত একটি চরিত্র। যাত্রামঞ্চের অভিনেতা রাজা চরিত্রটি হঠাৎ নিজেকে বাস্তব জীবনের রাজা হিসেবে ভাবতে শুরু করেন। এই নিয়ে শুরু হয় নানা কাণ্ড। কখনো কখনো তা হাস্যকর পরিস্থিতির জন্ম দেয়। নাটকে দেখা যায়, একটি আপাত সহজ-সরল বিষয় হঠাৎ জটিল হয়ে ওঠে, যা একসময় দর্শকের মনের গভীরে টোকা দেয়। আনন্দ-বেদনা এ দুই মিলিয়ে নতুন একটা মাত্রা যুক্ত হয় গল্পে। নাটকের ‘জীবন লাল’ চরিত্রে অভিনয় করছেন আসাদ কাদের। অন্যান্য চরিত্রচিত্রণে ছিলেন হেলেন হাসান, শেফালী পারভীন, তাজুল ইসলাম, হাফিজ আকাশ, সাঈদ রহমান, মুকুল পারভেজ, জিনিয়া হায়দার, রাইজুল ইসলাম, চঞ্চল সৈকত প্রমুখ।