ঢাকার মঞ্চে এল ‘নষ্টনীড়’ ও ‘চিত্রাঙ্গদা’
ঢাকার মঞ্চে আরও দুটি নতুন নাটক নামল গতকাল বৃহস্পতিবার। দুটিই রবীন্দ্রসাহিত্য থেকে। নাটক সরণিতে (বেইলি রোড) মহিলা সমিতির মিলনায়তনে সন্ধ্যায় ঢাকা থিয়েটার মঞ্চস্থ করে নষ্টনীড়। একই সময়ে শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে ছিল স্বপ্নদলের কাব্যনাট্য চিত্রাঙ্গদার মঞ্চায়ন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে প্রযোজিত হয়েছে নাটক দুটি।ঢাকা থিয়েটারের প্রথম রবীন্দ্রনাথ: ঢাকা থিয়েটার প্রথমবারের মতো রবীন্দ্রনাথকে মঞ্চে উপস্থাপন করল। ছোট উপন্যাস নষ্টনীড়-এর নাট্যরূপ দিয়েছেন রুবাইয়াৎ আহমেদ। এর নির্দেশনা দেন পীযূষ বন্দ্যোপাধ্যায়। পীযূষ অভিনয়ও করেছেন এতে। আরও অভিনয় করেছেন শিমূল ইউসুফ, জয়শ্রী বন্দ্যোপাধ্যায়, খাইরুল ইসলাম, মিলু চৌধুরী, আসাদুজ্জামান আমান, সাজ্জাদ রাজীব প্রমুখ।এটি ঢাকা থিয়েটারের ৩৫তম প্রযোজনা। নাটকের প্রযোজনা প্রধান নাসির উদ্দীন ইউসুফ।থিয়েটার ফেডারেশন আয়োজিত দুই বাংলার নাট্যমেলার শেষ দিন ১৭ জুন জাতীয় নাট্যশালায় নষ্টনীড় মঞ্চায়নের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে।স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’: শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে নাট্য সংগঠন স্বপ্নদলের নতুন প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য চিত্রাঙ্গদার নিয়মিত মঞ্চায়নের উদ্বোধন ঘোষণা করেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাট্যজন আতাউর রহমান।চিত্রাঙ্গদার নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। বিভিন্ন চরিত্র রূপদান করেছেন সোনালী রহমান, ফারজানা রহমান, মোস্তাফিজুর রহমান, সাখাওয়াত শ্যামল, শিশির সিকদার, মনির হোসেন, মেহেরুন্নেসা, হাসান রেজাউল, এনামুল হক, রবিন দত্ত, মো. শাহিন শাওন, মো. ফয়জুল চৌধুরী, আহসানুল হক প্রমুখ।সকালবেলার সুর‘আমার ভুবন কান পেতে রয়’, ‘সৃজন ছন্দে আনন্দে’, ‘যারে হাত দিয়ে মালা’, ‘আমার সকালবেলার সুর’—এমনি ১২টি নজরুলসংগীত নিয়ে বের হলো শারমিন সাথী ইসলামের গানের অ্যালবাম সকালবেলার সুর। নজরুল উৎসবের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সারওয়ার আলী। কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘আমার আকাশ মায়ের কোলে’ শীর্ষক তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে বেঙ্গল ফাউন্ডেশন। স্থান ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়। বেঙ্গল ফাউন্ডেশন প্রকাশিত এ অ্যালবামটির সংগীতায়োজনে রয়েছেন দূর্বাদল চট্টোপাধ্যায়।মোড়ক উন্মোচন শেষে ছিল শিল্পীর সংগীত পরিবেশনা। শারমিন সাথী ‘শাওন আসিল ফিরে’, ‘হারানো হিয়ার নিকুঞ্জ পথে’, ‘কেন কাঁদে পরান’, ‘দোলে বনতমালের’সহ ১৫টির মতো গান গেয়ে শোনান।আজ শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনে প্রভাতি অধিবেশন শুরু হবে সকাল আটটায়। এতে সংগীত ছাড়াও থাকছে নজরুলের রচনার নির্বাচিত অংশের পাঠ। পাঠে অংশ নেবেন ফরহাত জামান। সংগীত পরিবেশন করবেন বরকত হোসেন, ফেরদৌস আরা, অসিত দে, অনুপ বড়ুয়া প্রমূখ। সান্ধ্য অধিবেশন শুরু হবে সাড়ে ছয়টায়। এ পর্বের পাঠে অংশ নেবেন নাট্যজন আসাদুজ্জামান নূর। গান শোনাবেন সুবীর নন্দী, ফাতেমা-তুজ-জোহরা, ইয়াসমিন মুশতারী, ইয়াকুব আলী খান প্রমুখ।চট্টগ্রামে বর্ষাবরণনিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, গতকাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় আয়োজন করা হয় বর্ষাবরণ উৎসবের। উৎসবে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহছানে এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নাট্যজন সাইফুল ইসলাম ও সাংস্কৃতিক সংগঠক শাহ আলম।আলোচনা অনুষ্ঠান শেষে দ্বিতীয় পর্বে আয়োজন করা হয় বর্ষার গান, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানের। একক আবৃত্তি পরিবেশন করেন শান্তনু বিশ্বাস, কামরুল হাসান বাদল, রাশেদ হাসান ও ফারুক তাহের। একক গান পরিবেশন করেন অপু বর্মণ, মোস্তফা কামাল প্রমুখ। অনুষ্ঠানে দলীয় সংগীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পকলা একাডেমীর শিল্পীরা।ফরিদপুরে বাউল উৎসব শেষফরিদপুর অফিস জানায়, ‘সত্য বল, সুপথে চল’ আহ্বান সামনে রেখে গত বুধবার শুরু হওয়া বাউল উৎসব গতকাল শেষ হয়েছে। ফরিদপুর সদরের উজান মলিকপুর উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে এলাকার আরশীনগর বাউল দল। উৎসবের দ্বিতীয় দিনে বাউল আজমল বিশ্বাস, মারিয়া ইসলাম, কাওসার বয়াতি, সাত্তার বয়াতি, বারেক ঢালীসহ ফরিদপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের প্রায় ৩৫ জন বাউল সংগীত পরিবেশন করেন।