
শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ঢুকে অন্য রকম লাগল। নাটকের সেট কোনটি? মঞ্চ থেকে একটি লালগালিচা দর্শক সারির বেশ খানিকটা গিয়ে একটি কাঠগড়া। নাটক শুরু হওয়ার পর পরিষ্কার হয়ে গেল, এর পুরোটাই নাটকের সেট। যা দর্শক-অভিনয়শিল্পীর দূরত্ব ঘুচিয়ে দেয়।
ঢাকার মঞ্চে কাল ছিল নতুন নাটক। বুনন থিয়েটার গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ‘সিক্রেট অব হিস্ট্রি’র উদ্বোধনী প্রদর্শনী করেছে। নতুন নাটকটি লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আ ন ন জামান। নির্দেশনা দিয়েছেন শুদ্ধমান চৈতন।
জেলের ভেতর জাতীয় চার নেতার নির্মম খুন ও তৎপরবর্তী ক্যান্টনমেন্ট ও রাষ্ট্রীয় ষড়যন্ত্র নিয়ে এ নাটক।
প্রদর্শনীর আগে দলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় চার পুরোধা নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ ও নাসির উদ্দীন ইউসুফকে। তবে উপস্থিত ছিলেন রামেন্দু মজুমদার ও আতাউর রহমান।