নিউইয়র্ক থেকে যাত্রা করা একটি জাহাজকে কেন্দ্র করে নাটক। জাহাজের খোলের ভেতর দাঁড়িয়ে ইঞ্জিনের চুল্লিতে কয়লা ভরতে থাকা কয়েকজন শ্রমিকের গল্প এটি। নাটকের নাম বনমানুষ। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় গত শনিবার প্রাচ্যনাটের নতুন এই নাটকের প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আমেরিকান নাট্যকার ইউজিন ও’ নিল রচিত নাটক দ্য হেয়ারি এপ অবলম্বনে বনমানুষ নাটকটির নির্দেশনা দিয়েছেন বাকার বকুল।নাটকটিতে পুঁজিবাদের আগ্রাসন এবং শ্রমজীবী মানুষের বঞ্চনা ও জেগে ওঠার বয়ান বিবৃত হয়েছে।জাহাজের ইঞ্জিনের চুল্লিতে কয়লা ভরার কাজে ব্যস্ত শ্রমিকদের একজন ইয়াংক। দেখতে অনেকটা বনমানুষের মতো। কালিঝুলি মাখা অবস্থায় তাকে আরও বন্য দেখায়। মিলড্রেড ডগলাস এই জাহাজের যাত্রী। সে পুঁজিপতির আদুরে কন্যা, যিনি জাহাজের পরিচালকমণ্ডলীর একজন। মিলড্রেড একবার জাহাজের খোলে নেমে ইয়াংককে দেখে ভয়ে চিৎকার দেয়। ইয়াংক যখন বুঝতে পারে যে তাকে দেখেই এই চিৎকার, তখন তীব্র একটা ঘৃণাবোধ জন্ম নেয় তার মধ্যে।জাহাজ বন্দরে ভিড়লে সে শহরে ঘুরতে বের হয় তার এক সঙ্গীকে নিয়ে। শহরের জৌলুশ ও উচ্চবিত্তের জাঁকজমক তাকে ক্ষিপ্ত করে তোলে। নানা রকম মানসিক অসুস্থতা দেখা যায় তার মধ্যে। একপর্যায়ে জেলে যেতে হয় তাকে। জেল থেকে পালিয়ে সে সরাসরি চিড়িয়াখানায় বনমানুষের খাঁচার কাছে গিয়ে জন্তুটাকে ডাক দেয়। তার সঙ্গে হাত মেলানোর চেষ্টা করে। শেষে বনমানুষের আক্রমণে মারা যায় সে।নাটকটির নাট্যকার জাহাজটাকে মূলত পৃথিবীরই রূপক হিসেবে ব্যবহার করেছেন। যে পৃথিবীতে শ্রেণীবৈষম্য বেড়েই চলেছে এবং এমন সিমাহীনতায় পৌঁছেছে, যেখানে দিনমজুর মানুষগুলোকে ওপরতলার মানুষ অসভ্য জানোয়ার বলে মনে করছে। শ্রশ্ন আসে, মহাকালের পথে ধাবমান পৃথিবী চলছে কোন শক্তিতে? জাহাজের ইঞ্জিনটা সচল রাখছে কারা চুল্লিতে কয়লা দিয়ে? এই নাটকের মূল চরিত্র ইয়াংকের তীব্র বেদনাবোধ ও ক্ষোভের মধ্য দিয়ে নিপীড়িত মানুষের হাহাকার ও ক্ষোভ ফুটে উঠেছে।সফিউদ্দীন আহমেদের স্মরণানুষ্ঠান আজশিল্পগুরু সফিউদ্দীন আহমেদ তাঁর সৃজনীশক্তি, উৎকর্ষ ও পরিশীলিত বোধ এবং শিল্পমনীষা দ্বারা এ দেশের চিত্রকলা অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। বাংলাদেশের ছাপাই ছবির ক্ষেত্রে তিনি ছিলেন পথিকৃৎ এক শিল্পী। আজ সোমবার শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী।শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে বেঙ্গল ফাউন্ডেশন আজ সন্ধ্যা ছয়টায় বেঙ্গল শিল্পালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে আলোচনা করবেন শিল্পী কাইয়ুম চৌধুরী, শিল্পী সৈয়দ জাহাঙ্গীর, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক সৈয়দ আজিজুল হক ও অধ্যাপক মইনুদ্দীন খালেদ।অনুষ্ঠানের দিন বেঙ্গল ফাউন্ডেশন ও আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা স্কিরার যৌথ প্রকাশনা গ্রেট মাস্টার অব বাংলাদেশ: সফিউদ্দীন আহমেদ শীর্ষক গ্রন্থটি বিশেষ ছাড়ে বিক্রি করা হবে বলে বেঙ্গল শিল্পালয় সূত্রে জানা গেছে।ছাপচিত্র কর্মশালারাজধানী বাড্ডার প্রগতি সরণিতে অ্যাথেনা গ্যালারির আয়োজনে চলছে ছাপচিত্র কর্মশালা। ছাপচিত্র সৃজনে রাসায়নিক করণকৌশলের পরিবর্তে শেখানো হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি। কর্মশালায় অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের ২৫ জন শিক্ষার্থী।পরিচালনা করছেন ঢাকা চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের চেয়ারম্যান রোকেয়া সুলতানা।৯ মে থেকে শুরু হয়েছে এই কর্মশালা, শেষ হবে ২১ মে।