ঢাকার মঞ্চে রবীন্দ্রনাথের তিন নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ সন্ন্যাসী, চণ্ডালিকা ব্রাত্য। নানা পথ পরিভ্রমণে সন্ন্যাসী ক্লান্ত, তৃষ্ণার্ত। সে জল প্রার্থনা করে চণ্ডালিকার কাছে। চণ্ডালিকা এনে দেয় তৃষ্ণা নিবারণের জল। এখান থেকেই শুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা নাটকের আখ্যান।জাতে অস্পৃশ্য হওয়ায় এই কাজের জন্য মা-সহ অনেকের গঞ্জনা সইতে হয় চণ্ডালিকাকে। তারপর নানা ঘটনার ভেতর দিয়ে আনন্দ ও চণ্ডালিকা পরস্পরের প্রেমে খোঁজে মুক্তির সন্ধান। শেষে জ্যোতির্ময় মুক্তির সন্ধ্যানও পায় তারা।গতকাল বুধবার সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে ছিল নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। দ্যাশবাঙলা থিয়েটারের এ নাটকের নির্দেশনা দেন বিভাস বিষ্ণু চৌধুরী। এতে অভিনয় করেন মাহ্জাবিন গোধূলি, ঐশ্বর্য আজাদ, মানিক সরকার, পলাশ লোহ, রাজকুমার পাল, কাওসার সামাদ, শ্যামল শিশির, আরিফ রিপন, কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান, মুক্তা সরকার, হাসান হানিফ ও হোসেন আমীর প্রমুখ।নাট্যধারার ‘রথের রশি’রথযাত্রার উৎসবে নরনারী সবাই হঠাৎ দেখতে পেল, মহাকালের রথ অচল। রূপকধর্মী এ নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন মানবসমাজের সবচেয়ে বড় দুর্গতি—কালের এই গতিহীনতা। মানুষে মানুষে যে সম্বন্ধ দেশে-দেশে যুগে যুগে প্রসারিত, সেই বন্ধনই এই রথ টানার রশি। সেই বন্ধনে অনেক গ্রন্থি পড়ে গিয়ে মানবসম্বন্ধ অসত্য ও অসমান হয়ে গেছে, তাই চলছে না রথ। এই হচ্ছে রথের রশি নাটকের মূল গল্প।নাট্যধারা মঞ্চে এনেছে নতুন নাটক রথের রশি। মহিলা সমিতিতে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হলো গতকাল সন্ধ্যায়। নাটকটির নির্দেশনা দিয়েছেন আশীষ খন্দকার।রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে এবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ১৪টি নাটকের দলকে অনুদান দিয়েছে। এরই আওতায় চণ্ডালিকা ও রথের রশি নাটক দুটি নির্মাণ করা হয়েছে। ২৪ জুন থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির নিয়মিত প্রদর্শনী শুরু হবে।রংপুরের আঞ্চলিক ভাষায় মুক্তধারাপ্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন মুক্তধারা। গতকাল জাতীয় নাট্যশালায় জাতীয় নাট্যোৎসবে রংপুরের নাট্যকেন্দ্র নাটকটি মঞ্চস্থ করে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, তারা সংলাপগুলো রংপুরের আঞ্চলিক ভাষায় রূপান্তর করেছে। নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন রশীদ হারুন। নাটকে দেখা যায়, উত্তরকুট ও শিবতরাই—এই দুই অঞ্চলের মধ্যে সম্পর্কের টানাপোড়েন। উত্তরকুট অঞ্চলের লোকজন কুটিল স্বভাবের। তারা শিবতরাই অঞ্চলের সহজ-সরল মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করে। একসময় এই দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে একটি বাঁধকে। উত্তরকুট বাঁধ নির্মাণ করে শিবতরাই অঞ্চলের লোকজনকে পানিসহ আরও নানা ধরনের সংকটে ফেলে। অবশেষে উত্তরকুটের রাজার ছেলে উদ্ভূত সমস্যার সমাধানে এগিয়ে আসে।মুক্তধারা নাটকের মূল দ্বন্দ্বটিই হচ্ছে যন্ত্রের সঙ্গে প্রাণের, যান্ত্রিকতার সঙ্গে আধ্যাত্মিকতার।বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল খায়ের, রাজ্জাক মুরাদ, ইয়াছিন আলী, মুরাদ খান, লিটু সরকার, শেখ মাহবুব প্রমুখ। কোরিয়ার প্রদর্শনীতে পুরস্কার পেলেন লায়লা শারমীনবাংলাদেশের চিত্রশিল্পী লায়লা শারমীন দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত দ্বিবার্ষিক স্পেস আন্তর্জাতিক ছাপচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে সম্মানসূচক পুরস্কার পেয়েছেন। ছাপচিত্রের এচিংয়ে করা তাঁর পুরস্কারপ্রাপ্ত চিত্রকর্মের শিরোনাম ‘শান্তি শান্তি শান্তি-১’।দক্ষিণ কোরিয়ার সিউলের ওআইসি আর্ট মিউজিয়ামে চলছে ১৬তম দ্বিবার্ষিক স্পেস আন্তর্জাতিক ছাপচিত্র প্রদর্শনী। এতে ৪৫টি দেশের ৩০০ জন শিল্পীর ৬০০টি চিত্রকর্ম জমা পড়ে। এর মধ্য থেকে ১০০ চিত্রকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়।‘স্মল ইজ বিউটি’ স্লোগান নিয়ে আন্তর্জাতিক এই প্রদর্শনী প্রথম শুরু হয় ১৯৮০ সালে। এ বছর ‘উই আর হেয়ার’ শিরোনামের চিত্রকর্মের জন্য শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন কোরিয়ার শিল্পী চুউও নাম। ‘কুলিং টাওয়ার-১’ নামের চিত্রকর্মের জন্য পোল্যান্ডের শিল্পী গ্রেগরজ হ্যানডেরেক এবং ‘গার্ডেন পশ্চার’ নামের চিত্রকর্মের জন্য জাপানের ইউজু হিরাশিকা ‘এক্সিলেন্ট অ্যাওয়ার্ড’ লাভ করেন। এ ছাড়া বিভিন্ন দেশের আরও ১২ জন শিল্পী পেয়েছেন সম্মানসূচক পুরস্কার। লায়লা শারমীন তাঁদের অন্যতম। প্রদর্শনী চলবে ২৩ জুন পর্যন্ত।চের পোস্টার ও বই প্রদর্শনী ‘চে, এ সবকিছুই তোমার চেনা/ দীর্ঘ পর্বতমালার খানাখন্দ এবং কোনাকাঞ্চি/ ঠান্ডা ঘাসের মধ্যে বসে হাঁপানো বক্তৃতার মঞ্চ...’চে গুয়েভারাকে নিবেদিত এই কবিতা লিখেছিলেন কিউবার কবি মিগেল বারনেট। এমন অনেক কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে চে গুয়েভারাকে নিবেদিত কবিতা। ১৪ জুন ছিল বিপ্লবী আর্নেস্ট চে গুয়েভারার ৮৪তম জন্মদিন। এ উপলক্ষে প্রকাশিত হয়েছে কবিতার এই সংকলন।এ ছাড়া চের ছবি নিয়ে পোস্টার ও বই প্রদর্শনীর আয়োজন করেছে শ্রাবণ প্রকাশনী। আজিজ সুপার মার্কেটে এই প্রদর্শনীতে আছে চে রচিত বিভিন্ন প্রবন্ধ, নিবন্ধ, চিঠি, ডায়রিসহ বিভিন্ন মূল রচনা ও অনুবাদের গ্রন্থ। এসব প্রকাশ করেছে র্যামন, সন্দেশ, সময় ও শ্রাবণ প্রকাশনী। প্রদর্শনী চলবে ২২ জুন পর্যন্ত।