ঢাকার মঞ্চে শ্রেয়া ঘোষালের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাঁচ বছর পর বাংলাদেশে এসেছি। অন্য রকম একটা ভালো লাগা কাজ করছে আমার মধ্যে। এই মাটিতে ঘুমিয়ে আছেন কাজী নজরুল ইসলাম। ছোটবেলায় মা আমাকে নজরুলের একটা গান শিখিয়েছিলেন। আজ অনেক দিন পর গানটি করছি।’ এরপর শ্রেয়া শোনালেন ‘পরদেশী মেঘ, যাও রে ফিরে’ গানটি। বললেন, ‘নজরুলসংগীত হলো, একটা রবীন্দ্রসংগীত না করলে যে মন ভরছে না।’ শোনালেন ‘একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় শিল্পী শ্রেয়া ঘোষালের কনসার্ট। এ কনসার্টের আয়োজন করেছে মিরর মিডিয়া অ্যান্ড প্রোডাকশন হাউস।সন্ধ্যা পৌনে সাতটায় মঞ্চে আসেন জিটিভির সা রে গা মা পা প্রতিযোগিতার বিজয়ী কুন্তল ব্যানার্জি। পরপর কয়েকটি গান করলেন তিনি। এরপর শ্রেয়া যখন মঞ্চে এলেন, ঘড়িতে তখন সাতটা বেজে ২৩ মিনিট।শুরুতেই দেবদাস ছবির গান ‘মেরি পিয়া’। কলকাতার বাংলা ছবি অন্তহীন থেকে ‘ফেরারি মন’ গানটি গাওয়ার আগে শ্রেয়া বললেন, ‘গানটির জন্য আমি জাতীয় পুরস্কার পেয়েছি।’ গানের ফাঁকে শ্রেয়া বললেন, ‘বাঙালি হলেও আমার জন্ম রাজস্থানে। বড় হয়েছি মহারাষ্ট্রে। এক ভাষায় তাই বেশিক্ষণ কথা বলতে পারি না।’মাঝে শ্রেয়ার মিনিট বিশেকের বিরতিতে মঞ্চে গান করলেন ইন্ডিয়ান আইডল প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়া আরেক বাঙালি অমিত পাল। এরপর আবারও শ্রেয়ার গান। শ্রেয়া তাঁর এই কনসার্ট শেষ করলেন দেবদাস ছবির ‘দোলারে দোলারে’ গানটি দিয়ে। রাত তখন সোয়া ১০টা। পুরো কনসার্টে তিনি শুনিয়েছেন জনপ্রিয় হওয়া ৩০টি গান। মঞ্চ থেকে নামার আগে বললেন, ‘আবার ঢাকায় আসার অপেক্ষায় থাকলাম।’