ঢাকার মঞ্চে সুনীলের ‘রাজা রানী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দেড় বছর পর নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল মঞ্চে আনছে নতুন নাটক রাজা রানী। নাটকটি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। নাটকে এক যাত্রাশিল্পী দম্পতির দৈনন্দিন জীবনের সহজ-সরল কাহিনি হঠাৎ কঠিন আবর্তের মধ্যে প্রবেশ করে। যাত্রামঞ্চের অভিনেতা রাজা চরিত্রটি হঠাৎ নিজেকে বাস্তব জীবনের রাজা হিসেবে ভাবতে শুরু করে। এই নিয়ে শুরু হয় নানা কাণ্ড। কখনো তা হাস্যকর পরিস্থিতির জন্ম দেয়। নাটকটির রাজা চরিত্রের নাম ‘জীবন’। এই চরিত্রে অভিনয় করছেন আসাদ কাদের। নাটকটির নিদের্শনা দিয়েছেন জামাল উদ্দিন হোসেন। তিনি বলেন, ‘নাটকটি করতে গিয়ে খুব আনন্দ পেয়েছি। একটি সহজ-সরল বিষয় হঠাৎ কঠিন আবর্তের মধ্যে প্রবেশ করে যা মানুষের মনোজগতকে স্পর্শ করতে সক্ষম হয়। নাটকে আনন্দ-কষ্ট দুই মিলিয়ে নতুন একটা মাত্রা যুক্ত হয়েছে। আশা করছি, দর্শকের কাছে নাটকটি ভালো লাগবে।’ নাটকটির আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান।