ঢাকার যাত্রায় দর্শকের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্রোতের গতিতে লোক আসছে। বাঁশের চালার মচ্মচ্ শব্দে অদ্ভুত এক সুর উঠছে। কাছেই প্যান্ডেল থেকে মাইকের শব্দ ভেসে আসছে। মঞ্চ সঞ্চালক ঘোষণা দিচ্ছেন—যাত্রার আসরে কী পালা অভিনীত হবে, তাতে কে কে অভিনয় করবেন। তার আগে কে কে নাচবেন, তারও একটা ফিরিস্তি জানাচ্ছেন। শ্রোতারা ছুটছে ঊর্ধ্বগতিতে।প্রেক্ষাপট হাজারীবাগ, কামরাঙ্গীরচর মাঝ বরাবর কোম্পানিঘাট বালুর মাঠ। এখানেই বসেছে যাত্রার আসর। বিশাল আকৃতির প্যান্ডেল। প্যান্ডেলের দুই দিকে ডোবা-গর্ত। তাতে ট্যানারির রঙিন পানি। রাস্তা থেকে নামার পর প্রশস্ত খাল। তাতেই বসানো হয়েছে বাঁশের চালা। আর এই চালার ওপর দিয়েই প্যান্ডেলে যেতে হচ্ছে সবার। একসঙ্গে সার বেঁধে অনেক লোকের হাঁটার মচ্মচ্ শব্দটাও অদ্ভুত। আলাদা একটা রিদম আছে তাতে। রিদম তৈরি হচ্ছে প্যান্ডেলেও। থিয়েটার দেখার দর্শকের মতো লাইনে দাঁড়িয়ে টিকিট কিনে ঢুকছে সবাই। মঞ্চে যন্ত্র বাজছে নানা সুরে। রাত ১১টা ২০ মিনিটে শুরু হলো নৃত্যগীত। প্রথমে আসরে নামলেন নদী। এরপর এলেন বন্যা। তৃতীয় নৃত্য নিয়ে এলেন শান্তা। শান্তশিষ্ট নাচ। তাঁর নূপুরনিক্বণের ঝংকারে শ্রোতা মুগ্ধ। অনেকেই বলাবলি করছিলেন, ‘টাকা উসুল হয়েছে।’ রাত দুইটা পর্যন্ত চলে প্রথমার্ধের নৃত্যগীত। কেয়া যাত্রা ইউনিটের পরিবেশনায় মঞ্চস্থ হয় গুনাই বিবির পালা। লক্ষ্মীপুরের এই দলের আলাদা একটা কদর আছে ঢাকার শ্রোতাদের কাছে। ঢাকার যাত্রা আসরে এই দল থাকবেই। এখানেও তিনটি দলের পর কেয়ার গানবাজনা শুরু হয়েছে গত সপ্তাহ থেকে। চলবে আরও পক্ষকাল। গুনাই বিবি পালা ‘গুনো যাত্রা’ নামেও প্রচলিত। নিকট অতীতের এক গ্রাম্য কাহিনি। শালগ্রামের তোতা মিয়ার সদ্য বিবাহিত স্ত্রী। ধনী ব্যবসায়ী রফিক কাজীর বোন সে। সুন্দরী গুনাই গুণেও অনন্যা। আত্মচেতনায় বলিয়ান। চাচাশ্বশুর দোলু মিয়ার কুদৃষ্টি পড়ে গুনাইয়ের ওপর। নানা রকম ছলচাতুরি করে মানুষ খুনের আসামি করে জেলে পাঠায় গুনাইয়ের স্বামী তোতাকে। কিন্তু গুনাইয়ের দৃঢ়তার কাছে সবকিছু হার মানে। নানা চড়াই-উতরাই পার করে জেল থেকে মুক্ত করে আনে স্বামীকে। যাত্রার সহজাত ধর্ম সত্যের জয়, অসত্যের পরাজয় প্রতিফলিত হয়েছে এই পালায়।প্যান্ডেলে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা। এর আয়োজক হানিফ মিয়া বলেন, ঢাকায় নানা পেশার বহু জেলার লোক বসবাস করে। তারা যাত্রা দেখতে চায়। উপযুক্ত পরিবেশ পেলে রাতের পর রাত যাত্রা দেখে। আমি ১০-১২ বছর ধরে ঢাকার শ্রোতাদের কথা ভেবে এই আয়োজন করে আসছি। অপর আয়োজক তানভির হায়দার খান জানান, শ্রোতারা চাইলে বছরব্যাপী তাঁরা এই আয়োজন ধরে রাখবেন।প্যান্ডেলে পাওয়া গেল ময়েজ উদ্দিন শেখ নামে এক অন্ধ দর্শককে। চোখে কালো চশমা, হাতে লাঠি। লেদমেশিনে কাজ করতে গিয়ে দুটো চোখই নষ্ট হয়ে গেছে। বাড়ি নওগাঁর আত্রাইয়ে। থাকেন লালবাগে। ময়েজ উদ্দিন এর আগেও তিন রাত গান শুনেছেন। টিকিট লাগে না তাঁর। অন্ধ হিসেবে ফ্রি ঢোকার সুযোগ রয়েছে। বললেন, চোখে দেখি না। অনুভব করতে পারি। ভাব-ভাষা-ছন্দ-নৃত্য-গীতের সুরঝংকার আমাকে আকৃষ্ট করে। ঐকতান বাদনে মানুষ উদ্বেলিত হয়। আমিও মোহাবিষ্ট হয়ে প্যান্ডেলে আসি।শ্রোতাদের বাড়তি আনন্দ দিতে নাছিমা খান, শান্তা ও রক্সি নামের তিন কণ্ঠশিল্পীকে রাখা হয়েছে যাত্রা প্যান্ডেলে।