ঢাকার সিনেমায় কলকাতার হিরণ

কলকাতার বাংলা ছবির নায়ক হিরণ ঢাকায় এসেছেন। উঠেছেন রাজধানীর পাঁচতারকা হোটেল সোনারগাঁওয়ে। উদ্দেশ্য, ‘মন দিওয়ানা’ নামের ঢাকার একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়া। পাশাপাশি ঢাকা শহরটাও ঘুরে দেখা। হোটেলে বসে প্রথম আলোর সঙ্গে কথা প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন হিরণ। বললেন, ‘দুই-তিন মাস ধরে ঢাকার একটি ছবিতে অভিনয়ের ব্যাপারে আলাপ হচ্ছিল। তারই চুক্তি চূড়ান্ত করতে ঢাকায় আসা।’
হিরণকে নিয়ে নির্মিত ছবিটির পরিচালক অনন্য মামুন। মামুন বলেন, ‘সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে “মন দিওয়ানা” ছবির কাজ শুরু করব। আশা করছি, ভালো একটি ছবি সবাইকে উপহার দিতে পারব।’ হিরণ বলেন, ‘মামুনের দুটি সিনেমা দেখেছি। তাঁর নির্মাণশৈলী আমার ভালো লেগেছে। আর তাই আমি নিজে আগ্রহী হয়েছি তাঁর সঙ্গে কাজ করতে।’
এদিকে ঢাকায় আসার সঙ্গে সঙ্গে হিরণ তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘প্রথমবার বাংলাদেশে এলাম। দারুণ লাগছে। এখানকার মানুষের ব্যবহার খুব ভালো।’
হিরণ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘জ্যাকপট’, ‘ওলট পালট’, ‘রিস্ক’, ‘বড় একা লাগে’, ‘লে হালুয়া লে’, ‘ভুলভাল: টোটাল কনফিউশন’ এবং ‘মজনু’।