ঢাকার হলগুলো যারা পেল
ঈদুল আজহায় দেশজুড়ে মুক্তি পাচ্ছে তিন ছবি—রক্ত, বসগিরি, শুটার। সারা বছর নিয়মিত সিনেমা দেখানো হয় ২০০ হলে। ঈদে প্রেক্ষাগৃহের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০০ থেকে ৩৫০। এই ঈদেও বাড়ছে প্রেক্ষাগৃহের সংখ্যা। ইতিমধ্যে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শুরু হয়েছে হল বুকিংয়ের প্রতিযোগিতা, যা চলবে ঈদের আগের রাত পর্যন্ত। তবে রাজধানীসহ ঢাকা জেলার প্রায় সব কটি প্রেক্ষাগৃহের বুকিং শেষ।
শুটার ছবির প্রযোজক এম ডি ইকবাল জানান, ঢাকা জেলার ছোট-বড় মিলিয়ে ১২টি প্রেক্ষাগৃহে চলবে ছবিটি।
খান ফিল্মস ও জাজ মাল্টিমিডিয়া থেকে জানা গেছে, বসগিরি চলবে ১০টি হলে আর রক্ত চলবে ৯টিতে। সংখ্যার দিক থেকে শুটার এগিয়ে থাকলেও সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, বলাকা, চন্দ্রিমার মতো দর্শকনন্দিত প্রেক্ষাগৃহ পেয়েছে রক্ত ছবিটি। একইভাবে ব্লকবাস্টার, সিনেপ্লেক্সসহ বিজিবি, অভিসার, সৈনিক ক্লাব, সাভার সেনানিবাসের মতো বড় হল পেয়েছে বসগিরি। এ ব্যাপারে ছবিটির প্রযোজক টপি খান বলেন, ‘শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরের বড় হলগুলোতেও ছবিটি চালাতে চাই আমরা।’
রক্ত ছবির প্রযোজক আবদুল আজিজ বলেন, ‘যে হলগুলোতে দর্শক স্বাচ্ছন্দ্যে ছবি দেখতে পারবেন এবং বেশি দিন ধরে আসবেন, সেগুলোতেই চালাতে চাই রক্ত।’