ঢাকায় আকরাম খানের 'দেশ'

সব ঠিকঠাক থাকলে ১৮ ও ১৯ সেপ্টেম্বর ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে থাকছে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটেনের বিশ্বখ্যাত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আকরাম খানের পরিবেশনা। ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে হবে আকরামের ‘দেশ’ শিরোনামের এ পরিবেশনা।
আকরাম খান কোম্পানির টুর ম্যানেজার মাশিতাহ ওমর লন্ডন থেকে ই-মেইলে নিশ্চিত করেছেন আকরাম খানের ঢাকায় পরিবেশনার খবর।
৮০ মিনিটের এই পরিবেশনা সম্পর্কে আকরাম খানের মন্তব্য, ‘বাংলাদেশি জীবনধারার মিলনাত্মক ও বিয়োগান্ত দুটো দিকই আমাকে খুব টানে। “দেশ”-এর মাধ্যমে আমি সে রকম একটা গল্পই তুলে ধরতে চেয়েছি।’
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের হেড অব আর্টস ঈশিতা আজাদ বলছিলেন, ‘আকরাম খানের জন্ম বিদেশে হলেও তাঁর শিকড় এ দেশেই। বাংলাদেশের কথা মাথায় রেখেই আকরাম এ পরিবেশনার নাম দিয়েছেন দেশ। তাঁর মতো বড়মাপের একজন শিল্পীর পরিবেশনার জন্য বিশাল প্রস্তুতি দরকার। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। চেষ্টা থাকবে সর্বস্তরের মানুষের কাছে পরিবেশনা পেঁৗছে দেওয়ার।’
আকরাম খানের পরিবেশনার পাশাপাশি চলবে উন্মুক্ত অভিনয় কর্মশালা ও আলোচনা অনুষ্ঠান।
আকরাম খানের একক পরিবেশনা ‘দেশ’-এর উদ্বোধনী প্রদর্শনী হয় ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর লন্ডনে। নন্দিত এই নৃত্যশিল্পী জিতেছেন লরেন্স অলিভিয়ার অ্যাওয়ার্ড ও ইন্টারন্যাশনাল সোসাইটি অব পারফর্মিং আর্টস সম্মাননাসহ বেশ কিছু পুরস্কার। তিনি কাজ করেছেন অস্কারজয়ী ফরাসি অভিনেত্রী জুলিয়েত বিনোশ ও সংগীতশিল্পী কাইলি মিনোগের মতো খ্যাতিমান তারকাদের সঙ্গে।