ঢাকায় আজ ত্রিদেশীয় কনসার্ট
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘ত্রিদেশীয় বিগ শো’। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার শিল্পীরা অংশ নিচ্ছেন এখানে। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে কনসার্টটি আয়োজন করেছে এটিএন ইভেন্টস। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন জানান, এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। শুরুতে কথা ছিল কনসার্টটি হবে ১৭ ফেব্রুয়ারি। কিন্তু নিরাপত্তার কারণে তা পিছিয়ে দেওয়া হয়। ত্রিদেশীয় এই কনসার্টের শুরুতেই থাকবে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনা। বিকেল সাড়ে চারটায় শুরু হবে অনুষ্ঠান। দেশের গান দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর লোকগানে অংশ নেবেন কিরণচন্দ্র রায়, ফরিদা পারভীন, চন্দনা মজুমদার ও বারী সিদ্দিকী। প্রায় ২০০ শিল্পীর একটি নাচ থাকবে। নাচে অংশ নেবেন শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা, সোহেল ও রিয়া, লিখন ও নাদিয়াসহ আরও কয়েকটি নাচের দল। শাকিব খানের সঙ্গে গানের মেডলিতে অংশ নেবেন বিন্দু, মিম, শখ ও তিন্নি।অনুষ্ঠানে অংশ নিতে বিশেষ বিমানে ঢাকা আসছেন সালমান খান, অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। আজ সকালে ব্যাংকক থেকে সালমান খান, ভারতের চণ্ডীগড় থেকে অক্ষয় কুমার, মুম্বাই থেকে ক্যাটরিনা কাইফ আলাদাভাবে বিশেষ বিমানে ঢাকায় আসবেন। জেট এয়ারওয়েজে প্রায় ১৫০ জনের একটি দল নিয়ে আসবেন রিয়া সেন, আনুশকা শর্মা এবং প্রীতম ও তাঁর ব্যান্ড মেট্রো। শ্রীলঙ্কার পক্ষ থেকে অংশ নেবে দুটি ব্যান্ড। কৌশিক হোসেন আরও জানান, কনসার্টের তারিখ পরিবর্তনের কারণে বিদেশি শিল্পীদের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এসেছে। ভারতীয় শিল্পী কারিনা কাপুরসহ আরও কয়েকজনের কথা বলা হলেও শেষ পর্যন্ত তাঁরা আসতে পারছেন না। ত্রিদেশীয় এই কনসার্ট সরাসরি দেখাবে এটিএন বাংলা ও বৈশাখী টিভি।