ঢাকায় আন্তর্জাতিক সংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলায় গাইবে বিশ্ব’ স্ল্লোগান নিয়ে আগামী ১ থেকে ৩ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক সংগীত উৎসব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন দিনের এই আয়োজন হওয়ার কথা ছিল ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি। আয়োজক সূত্রে জানা গেছে, পিলখানায় বিডিআর বিদ্রোহের এক বছর এবং পবিত্র ঈদে মিলাদুন্নবীর কারণে তারিখ পরিবর্তন করা হয়েছে।আয়োজকদের শীর্ষ কর্মকর্তা স্বপন চৌধুরী জানান, আগামী ১ মার্চ বিকেল পাঁচটায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্সবের প্রথম দিনটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য হলেও পরের দুদিন দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।তিনি আরও জানান, বাংলাদেশসহ বিশ্বের ১৮টি দেশ এই উৎসবে অংশ নেবে। এর মধ্যে ভারত থেকে বাপ্পী লাহিড়ী, আরতি মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লা, মিতালি মুখার্জি, শ্রীকান্ত আচার্য, নচিকেতা, সৈকত মিত্র, সবিতা চৌধুরী ও অন্তরা চৌধুরী এবং রূপঙ্কর; পাকিস্তান থেকে হাসান জাহাঙ্গীর ও আসিফ লতা; যুক্তরাষ্ট্র থেকে আলমগীর, আলেকসান্দ্রা ও কামি; রাশিয়া থেকে ইরিনা পভজন, ক্যাটরিনা; কানাডা থেকে পি নায়ার এবং আরও কয়েকটি দেশের শিল্পীদের আসা নিশ্চিত হয়েছে।আয়োজক সূত্রে আরও জানা গেছে, বাংলাদেশ থেকে এই উৎসবে গান গাইবেন আব্দুল জব্বার, আজম খান, ফকির আলমগীর, ফেরদৌস ওয়াহিদ, জানে আলম, কুমার বিশ্বজিত্, চন্দনা মজুমদার, অর্ণব, বালাম, ফুয়াদ, মিলা, হূদয় খান, সায়ানসহ আরও অনেকে। দেশি ব্যান্ডের মধ্যে থাকছে মাইলস, রেনেসাঁ, মাকসুদ ও ঢাকা, ওয়ারফেজ, ব্ল্যাক ও দুরবিন।জানা গেছে, উৎসবে বিদেশি শিল্পীদের প্রত্যেকে একটি করে বাংলা গান গাইবেন।