ঢাকায় আবার ফরাসি নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ফরাসি আন্তর্জাতিক নাট্যোৎসব প্রথম আয়োজন করা হয় ২০০৮ সালে। পরের বছর দ্বিতীয়টি। এবার তৃতীয় আয়োজনে থাকছে ছয়জন ফরাসি নাট্যকারের সাতটি নাটক। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় সপ্তাহব্যাপী এই উৎসব শুরু হবে ১৫ মে। আয়োজন করেছে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ।আলিয়ঁস ফ্রঁসেজের প্রোগ্রাম অফিসার কাজী আবদুল্লাহ আল মুক্তাদির জানান, এই উত্সবে থাকছে জঁ পল সার্তের দি ওয়ান, স্যামুয়েল বেকেটের এন্ড গেম ও অল দ্যাট ফল, মলিয়েরের দ্য ফোর্সড ম্যারিজ, ইয়োনেস্কোর রাইনোসেরস, কামোলেত্তির ডোন্ট গ্রেস ফর ডিনার ও হেলেন সিক্সাসের ড্রামস অন দ্য ড্যাম।সবকটি নাটকেরই বাংলা রূপান্তর মঞ্চস্থ হবে উত্সবে। আর জাতীয় নাট্যশালার মঞ্চে এই নাটকগুলো মঞ্চস্থ করবে থিয়েটার (বেইলি রোড), বিবর্তন, প্রাচ্যনাট, শব্দ নাট্যচর্চা কেন্দ্র, নাটুকে থিয়েটার গ্রুপ ও ফেইম স্কুল অব ড্যান্স অ্যান্ড ড্রামা।ঢাকায় তৃতীয়বারের মতো এই উৎসব আয়োজন প্রসঙ্গে মুক্তাদির বলেন, ‘কয়েক বছর ধরেই আমরা লক্ষ করছি, ফরাসি নাটকের ব্যাপারে বাংলাদেশের দর্শকদের আগ্রহ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। তাই এখন থেকে প্রতিবছর ঢাকায় ফরাসি নাট্যকারদের নাটক নিয়ে উৎসব আয়োজনের পরিকল্পনা হয়েছে। এর ফলে এ দেশের দর্শক ফরাসি নাট্যকারদের নাটক উপভোগ করার সুযোগ পাবে।’জানা গেছে, ফরাসি আন্তর্জাতিক নাট্যোৎসব উপলক্ষে এরই মধ্যে আলিয়ঁস ফ্রঁসেজ এক নাটকের কর্মশালার আয়োজন করেছে। কর্মশালা পরিচালনা করছেন প্রখ্যাত ফরাসি নাট্যাভিনেতা ও নির্দেশক ভোলোদিয়ার স্যাখ। তাঁর সঙ্গে আরও আছেন তারিক আনাম খান, গোলাম সারোয়ার, ফরহাদুজ্জামান পলাশ ও ইস্রাফিল শাহীন।উত্সবের সবকটি নাটকই সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে প্রদর্শনীর আগে জাতীয় নাট্যশালা থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।