ঢাকায় আবার ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’
এবার ঢাকায় আসছে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিরিজের চতুর্থ ছবি। নাম ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস’। আগামী ১৪ অক্টোবর ঢাকার স্টার সিনেপ্লেক্স প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হলিউডের ব্লকবাস্টার এই ছবিটি। চলতি বছরের ১৮ মে যুক্তরাজ্য, ২০ মে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির পর আলোচিত হয় ছবিটি। ২৫০ মিলিয়ন ডলার বাজেটের এ ছবি মুক্তির প্রথম সপ্তাহেই আয় করে ৩৫০ মিলিয়ন ডলারের বেশি। পাইরেটস সিরিজের আগের ছবিগুলোর পরিচালক গোর ভারবিনস্কির পরিবর্তে এবারের ছবিটি পরিচালনার দায়িত্ব পান রব মার্শাল। অভিনয়ে যথারীতি ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর ভূমিকায় জনি ডেপ। আরও আছেন পেনেলোপে ক্রুজ, জিওফ্রি রাশ প্রমুখ।টিম পাওয়ারসের ‘অন স্ট্রেঞ্জার টাইডস’ উপন্যাসের অনুপ্রেরণায় নির্মিত এ ছবিতে জ্যাক স্প্যারো সুন্দরী অ্যাঞ্জেলিকার সঙ্গে এমন এক ঝর্ণার অনুসন্ধানে বের হন, যা নাকি মানুষকে অমরত্বের প্রতিশ্রুতি দেয়। ভয়ংকর সব বাধা অতিক্রম করে সঙ্গীদের নিয়ে বীরদর্পে এগিয়ে যান জ্যাক স্প্যারো। নিজের স্বার্থ সিদ্ধির জন্য অ্যাঞ্জেলিকা নানা ছলাকলায় তাকে ফাঁদে ফেলার চেষ্টা করে, তবে শেষ পর্যন্ত সব চেষ্টা বিফলে যায় জ্যাকের দূরদর্শিতায়। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস’ ছবিতে জ্যাক স্প্যারো চরিত্রে অভিনয় করে জনি ডেপ এক সাক্ষাত্কারে বলেছিলেন, ‘আমার জন্মই হয়েছে জ্যাক স্প্যারোর জন্য।’ পেনেলোপে ক্রুজ ও জিওফ্রি রাশও অসাধারণা অভিনয় করেছেন ছবিটিতে।