ঢাকায় আলোকচিত্রী জেফ ভুন ও অ্যালিসন চ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী জেফ ভুন ও অ্যালিসন চ্যান।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী জেফ ভুন ও অ্যালিসন চ্যান।

রাজধানীতে শুরু হতে যাওয়া দুই দিনব্যাপী ‘ওয়েডিং ও পোর্ট্রেট ফটোগ্রাফি’ কর্মশালা উপলক্ষে দুজন খ্যাতিমান আলোকচিত্রী ঢাকায় এসেছেন। তাঁরা হলেন মালয়েশিয়ার জেফ ভুন ও হংকংয়ের অ্যালিসন চ্যান।

রাজধানীর নিকেতনে ফুজি ফিল্ম কার্যালয়ে ২৮ ও ২৯ জুলাই এই কর্মশালাটি অনুষ্ঠিত হবে। আলোকচিত্রীদের সংগঠন ডব্লিউপিপিবি (ওয়েডিং অ্যান্ড পোর্ট্রেট ফটোগ্রাফারস অব বাংলাদেশ) ও ঢাকা আর্টিস্ট হাব যৌথভাবে এই কর্মশালার আয়োজন করেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর্মশালাটি পরিচালনা করবেন আলোকচিত্রী জেফ ভুন। তিনি আন্তর্জাতিক পেশাদারি আলোকচিত্রীদের সংগঠন মাস্টার ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের তাইওয়ানের দূত (অ্যাম্বাসেডর) ও ফাইন আর্ট ফটোগ্রাফির একজন দিকপাল। 

কর্মশালার প্রথম দিনে ‘ফাইন আর্ট ফটোগ্রাফির’ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন জেফ ভুন। তিনি সেদিন দুজন মডেল দিয়ে ছবি তোলার মাধ্যমে, পোজিং, লাইভ ফটোশুট, লাইটিংয়ের বিভিন্ন কৌশল দেখাবেন। প্রথম দিনের কর্মশালা শেষে ‘ডব্লিউপিপিবি বার্ষিক কনফারেন্স ২০১৭’-এর লোগো উন্মোচন করা হবে। আর শেষ দিনে ফাইন আর্ট ফটোগ্রাফি এডিটিং শেখাবেন জেফ। 

এ ছাড়া ২৯ জুলাই শনিবার সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘জিরো টু হিরো’ শীর্ষক ডায়ালগে অংশ নেবেন ‘প্রফেশনাল ফটোগ্রাফারস এশিয়া কমিউনিটি (পিপিএসি)’-এর প্রতিষ্ঠাতা অ্যালিসন চ্যান। তাঁর সঙ্গে থাকবেন পিপিএসি বাংলাদেশের দূত প্রীত রেজা। আলোকচিত্রীদের দক্ষতা বাড়াতে বিভিন্ন পরামর্শ থাকবে এ অনুষ্ঠানে। 

আয়োজকেরা জানিয়েছেন, বাছাই করার পর ৩০ জন আলোকচিত্রী এ কর্মশালায় অংশ নেবেন। দেশের আলোকচিত্রীদের আন্তর্জাতিক বাজারের জন্য আরও দক্ষ করে তুলতে এই কর্মশালাটি সহায়ক হবে।