ঢাকায় আসছে চীনা প্রতিবন্ধী সাংস্কৃতিক দল
বাংলাদেশে প্রথমবারের মতো আসছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চীনের প্রতিবন্ধী শিল্পী দল (সিডিপিপিএটি)। আগামী ৭ জুন জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর শান্তিদূত সম্মাননাপ্রাপ্ত এই সাংস্কৃতিক দলটি বাংলাদেশে আসবে। ৯ ও ১০ জুন শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় তারা অংশ নেবে ‘আমার স্বপ্ন’ বা ‘মাই ড্রিম’ শীর্ষক সাংস্কৃতিক পরিবেশনায়। পাশাপাশি তারা বাংলাদেশের প্রতিবন্ধী শিশুদের সঙ্গে একটি কর্মশালায় অংশ নেবে। যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করছে বাংলাদেশের চীনা দূতাবাস, শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টার।মঙ্গলবার শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কাউন্সিলর লিয়ং বিন, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী ও বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। তাঁরা চীনা শিল্পীদের পরিবেশনা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।