ঢাকায় আসছে ত্রিমাত্রিক স্পাইডারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মাতাতে আসছে ‘স্পাইডারম্যান’ সিরিজের নতুন ছবি ‘দ্য অ্যামাজিং স্পাইডারম্যান’। ১৯ অক্টোবর ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি। এ উপলক্ষে ওই দিন সন্ধ্যায় এক প্রিমিয়ার শো আয়োজন করা হবে।স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শকচাহিদার কথা মাথায় রেখে এই প্রথম বাংলাদেশে ত্রিমাত্রিক প্রযুক্তির মাধ্যমে ‘দ্য অ্যামাজিং স্পাইডারম্যান’ ছবিটি দর্শককে দেখানোর ব্যবস্থা করেছে তারা।হলিউডের ছবির ইতিহাসে অন্যতম জনপ্রিয় একটি চরিত্র ‘স্পাইডারম্যান’। যতবারই চরিত্রটি দর্শকের সামনে এসেছে, ততবারই ছবির দুনিয়া কাঁপিয়ে দিয়েছে। রুপালি পর্দায় স্পাইডারম্যানের প্রথম আবির্ভাব ঘটেছিল ২০০২ সালে। পরিচালক স্যাম রাইমি ২০০২, ২০০৪ ও ২০০৭ সালে এই সিরিজের তিনটি ছবি পরিচালনা করেন। তিনটি ছবিই ছিল দারুণ ব্যবসাসফল। বিশ্বজুড়ে অগণিত চলচ্চিত্রপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে গত ৩ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘স্পাইডারম্যান’ সিরিজের চতুর্থ ছবি ‘দ্য অ্যামাজিং স্পাইডারম্যান’। ২৩০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ছবিটি এরই মধ্যে আয় করেছে প্রায় ৭৪৩ মিলিয়ন ডলার। এবার পর্দায় স্পাইডারম্যানের পোশাক গায়ে জড়িয়েছেন ব্রিটিশ অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ড। নায়িকা হয়ে এসেছেন এমা স্টোন। স্পাইডারম্যান সিরিজের আগের তিনটি ছবি স্যাম রাইমি পরিচালনা করলেও ‘দ্য অ্যামাজিং স্পাইডারম্যান’-এর পরিচালক হচ্ছেন মার্ক ওয়েব। ‘স্পাইডারম্যান’ সিরিজের এবারের কাহিনি আবর্তিত হয়েছে মাকড়সা-মানবের আত্মপরিচয়ের অনুসন্ধান নিয়ে। ছেলেবেলায় পিটারের বাবা-মা তাকে ফেলে উধাও হয়ে যায়। সেই রহস্যের জট খুলতে দেখা যাবে স্পাইডারম্যানরূপী পিটার পার্কারকে। এবারের ছবির খলনায়ক চরিত্রে অভিনয় করছেন রাইস ইফান্স। এ ছাড়া একটি চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অভিনেতা ইরফান খান। নির্মাতা-কলাকুশলীসহ অনেকে পাল্টে গেলেও পাল্টায়নি স্পাইডারম্যানের জৌলুশ। বরং এই স্পাইডারম্যানে থাকছে আরও বেশি নতুন চমক। ছবির প্রথম চিত্রায়ণ হয় লস অ্যাঞ্জেলেসে। এরপর একে একে নিউইয়র্ক, সেন্ট জন বস্কো হাই স্কুল, মিডউইলশায়ার, সাউথ পেসাডোনা ও উডল্যান্ড হিলসের বিভিন্ন স্থানে চিত্রায়ণ হয়। ছবির আবহসংগীত তৈরি করেছেন ‘টাইটানিক’ ও ‘অ্যাভাটর’খ্যাত সুরকার জেমস হরনার। ‘দ্য অ্যামাজিং স্পাইডারম্যান’ ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়ার পর ২৮ বছর বয়সী অ্যান্ড্রু গারফিল্ড বলেছিলেন, ‘এ ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া আমার জন্য স্মরণীয় এক অভিজ্ঞতা। শৈশব থেকেই স্পাইডারম্যান আমার সবচেয়ে প্রিয় সুপারহিরো। তার যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে তা হলো, সুপারহিরো হওয়ার পাশাপাশি তার মধ্যে সাধারণ মানুষের বৈশিষ্ট্যগুলো অন্য সুপারহিরোদের চেয়ে প্রকট। স্পাইডারম্যানের আগের তিনটি ছবি আমি কতবার যে দেখেছি, তার হিসাব নেই। এবার নিজে এই চরিত্রে অভিনয় করতে পেরে অনেক ভালো লাগছে।’