ঢাকায় আসছে বলিউডের নয়টি ছবি
বাংলাদেশে আসছে ভারতের হিন্দি ছবি। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন জানান, অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ বলিউডের নয়টি ছবি ঢাকায় আসছে। আমদানি করা এ ছবিগুলো হলো: শোলে, কাভি খুশি কাভি গম, ডন, ওয়ান্টেড, থ্রি ইডিয়টস, তারে জমিন পার, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, দিল তো পাগল হ্যায় ও কুছ কুছ হোতা হ্যায়। ছবিগুলো বাংলাদেশে প্রদর্শনের ব্যাপারে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।মিয়া আলাউদ্দিন বলেন, ‘২০১০ সালের জানুয়ারি মাসে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ভারতীয় ১২টি চলচ্চিত্র আমদানির জন্য ঋণপত্র খোলা হয়। এর মধ্যে ছিল নয়টি হিন্দি ও তিনটি বাংলা চলচ্চিত্র। গত বছর তিনটি বাংলা চলচ্চিত্র জোর, বদলা ও সংগ্রাম এসেছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সেগুলো প্রদর্শিত হয়েছে।’ পুরোনো হিন্দি ছবি আমদানি করা প্রসঙ্গে মিয়া আলাউদ্দিন বলেন, ‘পুরোনো হলেও এসব ছবির প্রতি দর্শকের আগ্রহ আছে।’ ছবিগুলো প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘ছবিগুলো আসার পর ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। তারপর সময়-সুযোগমতো বিভিন্ন প্রেক্ষাগৃহে তা মুক্তি দেওয়া হবে। আর দেশীয় চলচ্চিত্রের যাতে ক্ষতি না হয়, সেদিকে লক্ষ রেখেই ছবিগুলো আমদানি করা হয়েছে।’