ঢাকায় আসছেন আশা ভোঁসলে
উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আশা ভোঁসলে ঢাকায় আসছেন। আগামী বছরের ১১ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে তাঁর একক সংগীতানুষ্ঠান আশা ভোঁসলে নাইট। অনুষ্ঠানটির আয়োজন করেছে মিরর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান ভূঁইয়া বলেন, ‘ভারতের মুম্বাইয়ে আমাদের সবকিছু চূড়ান্ত হয়েছে। শিল্পী সম্মানীসহ আনুষঙ্গিক খরচ এরই মধ্যে পরিশোধ করেছি। চুক্তি স্বাক্ষরও হয়ে গেছে। দু-এক দিনের মধ্যেই চুক্তির কাগজ আমরা হাতে পাব।’শাহজাহান ভূঁইয়া জানান, ১০ ফেব্রুয়ারি মুম্বাই থেকে ঢাকায় আসবেন আশা ভোঁসলে। তাঁর সঙ্গে থাকবে ২০ জনের যন্ত্রী দল। ১২ ফেব্রুয়ারি সকালেই তিনি মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।শাহজাহান ভূঁইয়া আরও বলেন, ‘আশা ভোঁসলে এই সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন। শিগগিরই আমরা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করব।’গত ৮ সেপ্টেম্বর ৭৮ বছর বয়সে পা দেওয়া জীবন্ত কিংবদন্তি আশা ভোঁসলে এ পর্যন্ত সহস্রাধিক চলচ্চিত্রে গান করেছেন। এ ছাড়া রয়েছে তাঁর অসংখ্য আধুনিক গানের অ্যালবাম।